বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৯:১৫ পিএম
রবিবার বাউফলের কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি রোডে মানববন্ধন কর্মসূচি পালন করে ব্যবসায়ী ও স্থানীয়রা।
পটুয়াখালীর বাউফলে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির পর অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। রবিবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধারের আল্টিমেটাম দিয়েছেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে কালাইয়া বন্দর বণিক সমিতির সভাপতি নুরুল আমিন, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী অতুল চন্দ্র পাল, মাসুম সিদ্দিক, রেজাউল কামাল পল্টু, রাজন মনসুর, গাজী গিয়াস উদ্দিন, অপহৃত ব্যবসায়ীর ফুফাতো ভাই রতন বণিক প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।
বণিক সমিতির সভাপতি নুরুল আমিন বলেন, শিবানন্দ রায় অপহরণের দুই দিন পার হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রশাসন তাকে উদ্ধার করতে পারেনি। এটা হতাশাজনক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা না হলে লাগাতার হরতাল ও ধর্মঘটের মতো কর্মসূচি দেওয়া হবে।
বক্তারা যেকোনো মূল্যে শিবানন্দ রায়কে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে না দিতে পারলে লাগাতার হরতাল ও ধর্মঘট কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা।
গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী শিবানন্দ রায়কে অস্ত্রের মুখে জিম্মি করে নদীপথে ট্রলারযোগে অপহরণ করে এক দল ডাকাত। ডাকাত দলের সদস্য দোকানের দুই কর্মচারী তাপস ও শংকরের হাত-পা বেঁধে ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকাও লুট করে নিয়ে যায়। এ ঘটনার ৪২ ঘণ্টা পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী শিবানন্দ রায়কে উদ্ধার করতে পারেনি।
বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের কালী বাড়ি মন্দিরে শিবানন্দ রায়ের উদ্ধারের দাবিতে সভা করে উপজেলা বিএনপি। এ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, হিন্দু নেতা অধীর রঞ্জন রায় প্রমুখ। গত শনিবার রাতে কালাইয়া বন্দরে অপহৃত ব্যবসায়ীর উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বিক্ষোভে উপস্থিত ছিলেনÑ উপজেলা জামায়াতের আমির মো. ইসাহাক, সাবেক আমির রফিকুল ইসলাম, কালাইয়া উন্নয়ন ফোরামের সভাপতি মাসুম সিদ্দিকি প্রমুখ।
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
নৌ-পুলিশ কর্মকর্তা ক্লোজড
এদিকে ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলা কারণে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গাজী মো. সালাউদ্দিনকে ক্লোজড করা হয়েছে। তাকে বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন এসে এমন তথ্য নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম। তিনি বলেন, ডাকাতির ঘটনার পর থেকে পুলিশের অভিযান চলছে। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে গোয়েন্দা সংস্থার একাধিক দল তদন্ত করছেন। অতিদ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার এবং ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে উদ্ধারের চেষ্টা চলছে।