নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৮:৪১ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫ পিএম
কার্যালয় ভাংচুর করায় প্রধান অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে ফার্মেসি বন্ধ করে ধর্মঘট ডেকেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বরিশাল জেলার নেতাকর্মীরা।
রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে বরিশাল নগরীতে মাইকিং করে সব ওষুধের দোকান বন্ধ করে ধর্মঘটের ডাক দেওয়া হয়। এতে নগরীর ৫ শতাধিকসহ জেলার কয়েক হাজার ওষুধের দোকান বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন বরিশালের জনসাধারণ।
এর আগে রবিবার ভোরে বরিশাল নগরীর সদর রোডে দুই ঘণ্টা ধরে সমিতির অফিস ভাংচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় দুপুরে কোতয়ালি মডেল থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন সংগঠনের নেতা আবদুস সালাম।
তিনি এই ঘটনায় অভিযুক্ত পর্যটন হোটেল মালিক ইকবাল আজমকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। গ্রেপ্তার না হলে সোমবার সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারিও দেন তিনি।
সমিতির কম্পিউটার অপারেটর দেবাশীষ হালদার বলেন, ‘পর্যটন হোটেল মালিক ইকবাল আজম সমিতির নিজস্ব ভবনের জমির মালিকাকানা দাবি করে পর্যায়ক্রমে ২১টি মিথ্যা মামলা করেন। আমাদের বৈধ ক্রয় দলিল থাকার পরও অফিসের জমি নিজের দাবি করে ভাংচুর ও নগদ অর্থ নিয়ে গেছে। এ ঘটনায় আমাদের দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।’
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার স্থান পরিদর্শন করেছে পুলিশ। সমিতির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।