পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ২০:৪৭ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ২০:৫০ পিএম
পাবনার আটঘরিয়ায় কুপিয়ে হত্যাচেষ্টা, বাড়িঘরে হামলা-ভাঙচুর, জমিদখল, পুকুরের মাছ লুটসহ নানা ঘটনায় একাধিক মামলা করে বিপাকে পড়েছেন পাবনার আটঘরিয়ার অবসরপ্রাপ্ত এক সরকারি প্রকৌশলী। অভিযুক্তদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী প্রকৌশলী ও তার পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী প্রকৌশলী আলাউদ্দিন মোল্লা আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের মৃত শামসুল হক মোল্লার ছেলে এবং বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী। অভিযুক্ত একই এলাকার মিলন মোল্লা, হিরণ মোল্লা, আল-আমিন মোল্লা ও তার লোকজন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ও অভিযুক্তরা পরস্পর চাচাতো ভাই। ১৯৯৪ সাল থেকে মৌখিক এওয়াজের মাধ্যমে তারা পরস্পরের জমি ভোগদখল করে আসছিলেন। গত ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে সেই জমি দখলের চেষ্টা করেন অভিযুক্তরা। ৭ আগস্ট প্রকৌশলী আলাউদ্দিন মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন তারা। এর কয়েক দিন পর আলাউদ্দিনের কাছ থেকে লিজ গ্রহণকারীকে উচ্ছেদ করে পুকুর দখল ও মাছ লুট করেন অভিযুক্তরা। এ বিষয়ে লিজগ্রহণকারী মামলা করলেও সেই মামলা প্রত্যাহার করানো হয়। পরে আলাউদ্দিন নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে দখল, হামলা, লুটপাটের অভিযোগে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২০ ডিসেম্বর অভিযুক্তরা আলাউদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকে আবারও নানান হুমকি দিয়ে আসছেন অভিযুক্তরা।
প্রকৌশলী আলাউদ্দিন মোল্লা বলেন, ‘আমার স্ত্রী কলেজে শিক্ষকতা করেন এবং একমাত্র ছেলে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন। যদি আমরা মামলাগুলো প্রত্যাহার না করি তাহলে তারা আমার স্ত্রী-সন্তানের প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামিরা।’
অভিযুক্তদের অন্যতম মিলন মোল্লা বলেন, ‘আমরা তাকে কোনো মারধর করিনি, কে করেছে তা আমরা জানি না। উনি আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন।’
আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জমান সরকার বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। তার স্ত্রীর একটি জিডি গ্রহণ করা হয়েছে। আর মামলাটির অভিযোগপত্র ইতোমধ্যেই আদালতে প্রেরণ করা হয়েছে।’