মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ২০:৪৩ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ২০:৫১ পিএম
হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তারকৃত দিনমজুর কাঠমিস্ত্রি নিত্য সরকারের জেল হাজতে মৃত্যু হয়েছে। হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলালের দায়ের করা রাজনৈতিক মামলায় গত ৩০ অক্টোবর তিনি গ্রেপ্তার হন।
এর আগে নিত্য সরকার কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ৩১ ডিসেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত নিত্য সরকার মানিকগঞ্জ জেলার হারিরামপুরের গালা ইউনিয়নের কালোই এলাকায় জগদীশ সরকারের ছেলে।
নিত্যর কাকাতো ভাই হৃদয় মনি দাস বলেন, শুক্রবার রাতে আমাদের ফোন করে পুলিশ জানায় নিত্যদা আর বেঁচে নেই। এর আগে ৩১ ডিসেম্বর মানিকগঞ্জ জেলখানা থেকে ঢাকা মেডিকেলে আনলে তার স্ত্রী অলোকা রাণী তার সাথে দেখা করতে আসেন।
তিনি আরও বলেন, মামলার বাদী বিএনপি নেতা দুলাল মধ্যরাতে ঘুম থেকে ডেকে তুলে মারতে মারতে পুলিশের গাড়িতে উঠিয়ে দিয়েছে। সে কাঠমিস্ত্রির কাজ করে, কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। প্রতিহিংসার বশবর্তী হয়ে দাদাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে।
মামলার বাদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বলেন, নিত্য সরকার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কালোই ইউনিয়নের সভাপতি ছিলেন। সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর বয়ড়া গ্রামের বাসভবনে হামলা চালায় আওয়ামী দুর্বৃত্তরা। সে ওই হামলা-ভাঙচুরে জড়িত ছিলেন। পাশাপাশি সে এলাকার চিহ্নিত মাদক সেবনকারী ও কারবারি ছিলেন।
মানিকগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ মাহবুব কবির বলেন, চিকিৎসার জন্য চার দিন আগে নিত্য সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখনও অফিসিয়ালি আমাদেরকে তার মৃত্যুর বিষয়ে জানানো হয়নি।