ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ২১:১১ পিএম
গণিত ও বিজ্ঞান চর্চাই হোক এগিয়ে যাওয়ার প্রেরণা, লেখনীর মাধ্যমে প্রকাশিত হোক সৃজনশীলতাÑ এ প্রতিপাদ্য সামনে রেখে ফেনীতে তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১৮৮ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ফেনী সিটি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এম মামুনুর রশীদের সভাপতিত্বে ও ফেনী সেন্ট্রাল পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক গোলাম মো. বাতেন, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক কেবিএম শাহজাহান সাজু, ইদ্রিস-নাহার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক।
অনুষ্ঠানে গণিত ও বিজ্ঞান প্রতিযোগিতায় ৯৮ জন, রচনা প্রতিযোগিতায় ৯০ জন বিজয়ী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সমাজে বিভিন্ন অনাচার থেকে বেরিয়ে আসতে শিক্ষার্থীদের নিয়ে জ্ঞান অর্জনমূলক প্রতিযোগিতা করে মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। সকল শিক্ষার্থীকে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার বিষয়ে সচেতন হতে হবে। বাংলাদেশকে নতুন করে সাজাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই ব্যক্তির স্বার্থ না দেখে দেশের স্বার্থ বড় করে দেখতে হবে।