× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বংশ পরম্পরায় ৬০ বছরের ব্যবসা হারিয়ে সর্বশান্ত দুই পরিবার

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১৯:৪০ পিএম

বংশ পরম্পরায় ৬০ বছরের ব্যবসা হারিয়ে সর্বশান্ত দুই পরিবার

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি হাটে দোকান উচ্ছেদ ও মারধরের অভিযোগ উঠেছে শঠিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা রবিউল প্রামানিকের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী আলমগীর হোসেন মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িহাটে গত শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় মসজিদ কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা রবিউল প্রামানিক অজ্ঞাত ১৫/১৬ জনকে নিয়ে লাঠি, লোহার রড, ছোরা, ইট, বালু, সিমেন্ট নিয়ে সজ্জিত হয়ে মসজিদ সংলগ্ন আকমল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে প্রবেশ করে উচ্ছেদ ও বে-দখলের উদ্দেশে দোকান ঘরের পূর্ব পাশে রাজমিস্ত্রীকে দিয়ে প্রাচীর নির্মাণ কাজ করতে থাকে। এ সময় প্রাচীর নির্মাণে বাধা দিতে গেলে ব্যবসায়ী আকমল হোসেনকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করলে বাবাকে বাঁচাতে ভুক্তভোগী আলমগীর হোসেন এগিয়ে এলে তাকেও মারপিট করে আহত করে।

এ বিষয়ে ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, আমরা সরকারি খাস জমিতে দীর্ঘ ৬০ বছর যাবৎ বংশ পরম্পরায় ব্যবসা করে আসছি। এতদিন কোন সমস্যা হলো না, মসজিদের নতুন কমিটি এসেই এই সমস্যা শুরু করে দিয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে শালিস-বৈঠকের আয়োজন করলেও আজ পর্যন্ত কোন সুরাহা আসে নাই। আমরা নিয়ম মাফিক হাটের ইজারার টাকা, টোল, সরকারি খাজনাসহ সব কিছু দিয়ে ব্যবসা করে আসছি। মসজিদ কমিটির লোকেরা সরকারি লোকদেরকে ভুলভাল বুঝিয়ে কী যেন একটা নোটিশ নিয়ে এসে আমাদের ১৪ জন ব্যবসায়ীর দোকানগুলোকে অবৈধ ঘোষণা করে ভেঙে দেয়। আমরা তো নিঃস্ব হয়ে গেলাম। হয় আমাদের পুনর্বাসন করা হোক নাহয় এখানেই ব্যবসা করার অনুমতি দেওয়া হোক।

অপর ভুক্তভোগী আহিনুল ইসলাম বাবু জানায়, শঠিবাড়ি হাটের মোট ৩.৫০ একর সম্পত্তি সম্পূর্ণ সরকারি খাস জমি। যদি আমাদের দোকানগুলো অবৈধ হয় তাহলে ৩.৫০ একরের ভিতরে থাকা যতো দোকানপাট আছে সব অবৈধ হবে। শুধু আমাদের দোকানগুলো কেমনে হয়? আর শঠিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের নিজস্ব জায়গা হলো ৩ শতক। ৩ শতক বাদেও অনেক জায়গা জুড়ে মসজিদ ঘর নির্মাণ হয়েছে, তাতে আমাদের কোনো দুঃখ নাই। আমরাও মুসলিম হিসেবে চাই মসজিদ চাকচিক্যময় হোক, উন্নয়ন হউক। মসজিদকে ব্যবহার করে আমাদের রিজিকের উপর হাত দিচ্ছে কেন? ইসলাম ধর্ম কী এমনটা চায়? আমরা এটার সুষ্ঠু সমাধান চাই। ব্যবসায় আমাদের একমাত্র সম্বল। এটা নষ্ট হয়ে গেলে আমাদের পরিবারকে নিয়ে পথে বসতে হবে। আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক নাহয় এখানেই ব্যবসা করতে দেওয়া হোক।

শঠিবাড়ি গালামাল সমিতির সেক্রেটারি ও শঠিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ আশরাফ আলী জানান, বছর তিনেক আগে পুরাতন মসজিদের ফাটলের কারণে এবং মসজিদ পুনঃনির্মাণ করার জন্য আশেপাশের ১৪টি দোকানের নামে নোটিশ আসে। মসজিদ ভেঙে পুনঃনির্মাণ করার সময় যাতে করে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে সে লক্ষ্যে মসজিদ পুনঃনির্মাণ কাজ শেষ হলে পুনরায় যে যার পজেশন নিয়ে আগের মতো ব্যবসা করতে পারবে বলে তখন জানিয়েছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। এখন ১৪ জন ব্যবসায়ীর ১২ জনের অন্য জায়গায় দোকানের পজিশন থাকলেও পূর্ব পুরুষ সূত্রে প্রাপ্ত দোকানের পজিশন হারিয়ে সর্বশান্ত হয়েছেন ব্যবসায়ী আকমল হোসেন ও আহিনুল ইসলাম।

এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও মসজিদ কমিটির সভাপতি রবিউল প্রামানিক জানান, এটি আগের কমিটির সিদ্ধান্ত। আমি কোনো মারপিট করিনি। ওদের দোকান ২ মাস আগেই স্কেভেটার দিয়ে প্রশাসন ভেঙ্গে দিয়েছে কোর্টের আদেশ অনুযায়ী। এখন আমরা মসজিদের ওয়াল নির্মাণ করতেছি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক জানান, খাস জমিতে মসজিদের ওয়াল নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার কথা শুনেছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ জানান, হাটের জায়গায় অবৈধভাবে দোকান তুলে তারা ব্যবসা করে আসছিল। জেলা প্রশাসনের নির্দেশে তাদের উচ্ছেদ করা হয়েছে। এখানে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা