খুলনা অফিস
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১৯:১৯ পিএম
খুলনার গডফাদার খ্যাত নুর আজিম এক সহযোগীসহ আটক।
খুলনা মহানগরীর গডফাদার খ্যাত নুর আজিমকে এক সহযোগীসহ আটক করেছে পুলিশ।
বুধবার (১ জানুয়ারি) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরী থেকে আটক করে। এ সময় তার সহযোগী রিয়াজুল ইসলাম দাদা মিয়াকেও আটক করা হয়।
গ্রেফতারকৃত নুর আজিম দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ী মোড় ইস্ট সার্কুলার রোডের শানু মহরীর ছেলে। রিয়াজুল ইসলাম দাদা মিয়া বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলার গোয়াবাড়িয়া মাতুব্বর বাড়ি এলাকার বাবুল মাতুব্বরের ছেলে।
বৃহষ্পতিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ মিডিয়া ব্রিফিং করে সাংবাদিকদেরকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ত্রাসী গডফাদার নুর আজিম সন্ত্রাসী রিয়াজুলসহ অন্যদের নিয়ে খুলনা মহানগরী এলাকায় নিজ নামে নুর আজিম বাহিনী সন্ত্রাসী বাহিনী তৈরি করে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, এলাকায় আধিপত্য বিস্তার, হত্যা, দখলদারিত্ব, চাঁদাবাজি এবং টাকার বিনিময়ে কিলিং মিশনসহ নানান অভিযোগ আছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম তাদেরকে ঢাকা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের তথ্যমতে খুলনা সদর থানার দক্ষিণ টুটপাড়া এবং পূর্ব বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী বন্দুক, ৪রাউন্ড কার্তুজ এবং ২রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ কমিশনার জানান, গ্রেফতারকৃত নুর আজিম ১২শীর্ষ সন্ত্রাসীর গডফাদার। তার বিরুদ্ধে খুলনা মহানগরী, খুলনা জেলা এবং ডিএমপিসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি এবং মাদকসহ বিভিন্ন ধরনের ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া তার সহযোগী সন্ত্রাসী রিয়াজুল ইসলামের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ২৩ ডিসেম্বর পুলিশ নগরীর শীর্ষ সন্ত্রাসী নূর আজিম গ্রুপের সেকেন্ড ইন-কমান্ড খ্যাত নূর আজিমের আপন ছোট ভাই সন্ত্রাসী শাহরিয়ার হোসেন রকিকে আটক করে।