মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১২:৪১ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫ ১৪:৩২ পিএম
প্রবা ফটো
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলোটাকা ইউনিয়নের সহড়াবাড়ীয়ার ওয়ার্ড যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম আলমগীর হোসেন (৩৮)। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং বাঁশবাড়ীয়া গ্রামের মইনুদ্দীন শেখের ছেলে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে সহড়াবাড়ীয়া গ্রামের ইচিখালীর মাঠ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মেহেরপুরের গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সহড়াবাড়ীয়া গ্রামের ইচিখালীর মাঠের তামাক ক্ষেতের পাশ এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে কৃষকরা। তারা গাংনী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ সনাক্ত করে।
নিহত যুবদল নেতার পরিবার জানায়, বুধবার রাত থেকে আলমগীরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে তার রক্তাক্ত মরদেহ সহড়াবাড়ীয়া গ্রামের মাঠে পড়ে থাকার খবর আসে। এটি একটি পরিকল্পিত হত্যা।
ওসি বানী ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা সনাক্ত করার চেষ্টা চলছে। সেইসঙ্গে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে।’