চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ১৭:৫০ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২২ ১৮:০৮ পিএম
রবিবার (২৭ নভেম্বর) মৃতদেহের খণ্ডাংশের সন্ধানে পুলিশ। ছবি : প্রবা
চট্টগামে পাঁচ বছরের আলীনা ইসলাম আয়াতকে হত্যা করে মরদেহ ছয় টুকরো করার ঘটনায় আবির মিয়ার পর এবার তার বাবা-মাকেও রিমান্ডে পেয়েছে পিবিআই। তা ছাড়া তার ১৫ বছর বয়সি বোনকেও জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে আদালত এ আদেশ দেন বলে চট্টগ্রাম পিবিআইয়ের বিশেষ সুপার নাইমা সোলতানা জানান।
গত ১৫ নভেম্বর চট্টগ্রামের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে আয়াতকে অপহণের পর হতা করা হয়। পরে মরদেহ ছয় টুকরো করে সাগরে ও খালে ভাসিয়ে দেওয়া হয়। এ ঘটনায় সোহেল রানার বাড়ির ভাড়াটিয়া আবিরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পিবিআই। মুক্তিপণ আদায়ের লক্ষ্যে আবির শিশুটিকে অপহরণ করেন বলে পিবিআইয়ের ভাষ্য। পরে আবির শিশুটিকে হত্যা করে লাশ ছয় টুকরো করেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন।
পিবিআই কর্মকর্তা নাইমা সোলতানা বলেন, আবিরকে জিজ্ঞাসাবাদের পর তার বাবা-মা-বোনকেও গ্রেপ্তার করা হয় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য। সকালে তাদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে মহানগর হাকিম অলিউল্লাহ বাবা-মাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর আবিরের বোন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে তিন দিন ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়। চট্টগ্রামের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে-৬-এর বিচারক সিরাজউল্লাহ কুতুবী এই আদেশ দেন। বিচারক সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে আদেশ দিয়েছেন তদন্তকারী কর্মকর্তাকে।
আবিরকে নিয়ে মঙ্গলবারও মরদেহের খণ্ডাংশের সন্ধানে তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু বিকাল ৪টা পর্যন্ত খণ্ডাংশ পাওয়া যায়নি। এ ছাড়া আবিরের তথ্য যাছাই-বাছাই করছে পিবিআই। যাচাই-বাছাই করার জন্য তার বাবা-মা ও বোনের কাছে বিভিন্ন তথ্য চাওয়া হবে বলে জানান পিবিআই কর্মকর্তা নাইমা সোলতানা।