নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:২৬ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:২৭ পিএম
মো. জাহাঙ্গীর (৪৫) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ২ নম্বর ওয়ার্ডের একজন ইউপি সদস্য। মাদক মামলায় একাধিকবার কারাগারে গিয়েছেন তিনি। মূলত ইউপি সদস্যের আড়ালে মাদক বেচাকেনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার একই অভিযোগে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে দুই মাদক কারবারিসহ তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার চরহাজারী ইউনিয়নে অভিযান চালিয়ে যৌথবাহিনী ৯৬০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ইউপি সদস্য মো. জাহাঙ্গীরসহ কারাগারে পাঠানো অন্যরা হলেন, বান্দরবানের লামা উপজেলার জমির হোসেন(৬৮) ও কক্সবাজার উখিয়া উপজেলার ওসমান(২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন তিনি। জামিনে বের হয়ে ফের মাদক কারবারের সঙ্গে জড়িয়ে যান জাহাঙ্গীর। রবিবার রাতে বান্দরবনের মাদক কারবারি জমির ও কক্সবাজারের ওসমান ইউপি সদস্য জাহাঙ্গীরের কাছে ইয়াবা সরবরাহ করার সময় চরহাজারী থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউপি সদস্যসহ তিন জনকে কোম্পানীগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।