জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪ ১৮:২৬ পিএম
জয়পুরহাটের ক্ষেতলালে মুজিব কোট আগুনে পুড়িয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারের সড়কে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ওই ইউপি সদস্যের নাম রেজাউল করিম। তিনি উপজেলার মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়ন পরিষদের সদস্য।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে রেজাউল করিম একটি চৌমুহনী বাজারে আসেন। তার হাতে একটি মুজিব কোট ছিল। বাজারে এসে সড়কের উপর একটি ফাঁকা জায়গায় মুজিব কোটে আগুন দেন। আগুনে মুজিব কোট পুড়ে যায়।
সে সময় রেজাউল করিম বলেন, ‘আমি আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলাম। মুজিব কোট পুড়িয়ে আজ থেকে পদত্যাগ করলাম। এই দলের চাল-চলন আর আমাকে ভালো লাগে না।’
রেজাউল করিমের দলীয় পদ নিশ্চিত করে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, ‘বিগত সময়ে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পরামর্শক্রমে তার ব্যক্তিলীগ করা হাইব্রিডদের মাধ্যমে এরকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। প্রকৃত আওয়ামী লীগকে করেছেন বঞ্চিত। যার ফলেই আজকের এই দৃশ্য। সেই সঙ্গে আগামী দিনে এমন অনেক হাইব্রিড নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে।’