মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:০৭ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:০৭ পিএম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. মাওলানা সামিউল হক ফারুকী বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। জামায়াতের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে নির্যাতন করেছে। ওলামায়ে কেরামকে গায়েবি মামলা দিয়ে হেনস্তা করেছে। এখন যারা চাঁদাবাজি করছে তাদের বয়কট করতে হবে। ইসলামের বিজয়ের জন্য কাজ করে যেতে হবে। জনগণ আমাদের সঙ্গে আছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের উদ্যোগে দাওয়াতী জনসভায় এসব কথা বলেন তিনি।
আগামী নির্বাচন ইসলামের বিজয়ের নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, ইসলামের সুমহান বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। গ্রামগঞ্জে, পাড়া-মহল্লায় ইউনিট তৈরি করতে হবে।
জামায়াতের উদ্যোগে আয়োজিত এ দাওয়াতী জনসভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা আমীর আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।
এ সময় বক্তব্য দেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জিহাদ খান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো. আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, খালেদ হাসান জুম্মন, মাও আব্দুল বারী রিয়াদী, অধ্যাপক মো, আজিজুর রহমান, মু আনোয়ারুল হক খান, মো. নাজিম উদ্দীন প্রমুখ। পরিচালনা করেন মাও জুবায়ের আহমদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।