ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ১৯:২৬ পিএম
ভারত সীমান্তবর্তী ফেনীর মুহুরী নদীতে কৃষকদের পানির সেচের পাম্প বসাতে দিচ্ছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয়রা কৃষকরা বলছেন, বিএসএফ সদস্যদের বাধায় গত এক সপ্তাহ ধরে চেষ্টা করেও পরশুরামের মির্জানগর ইউনিয়নের পূর্ব নিজকালিকাপুরের মুহুরী নদীতে কৃষি জমিতে সেচ দিতে পাম্প বসাতে পারছেন না তারা।
এ বিষয়ে বিজিবি বলছে, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে কথা বলা হয়েছে। দুয়েকদিনের মধ্যে বিষয়টি সমাধান হবে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্তের পূর্ব ও পশ্চিম নিজকালিকাপুর এলাকার চাষিরা ‘আদর্শ জনকল্যাণ সমিতি’র অধীনে প্রায় ৭০ একর জমিতে গত ৫০ বছর ধরে মুহুরী নদীর পানি সেচ দিয়ে চাষাবাদ করে আসছেন। কিন্তু চলতি মৌসুমে চাষাবাদের জন্য সমিতির পক্ষ থেকে মুহুরী নদীতে পানির পাম্প বসানোর চেষ্টা করলে বিএসএফ বাধা দেয়। পরে স্থানীয় কৃষকরা বিষয়টি নিজকালিকাপুর বিজিবি ক্যাম্পকে অবহিত করেন।
সমিতির ম্যানেজার আবদুল মালেক বলেন, পূর্ব নিজকালিকাপুর এলাকার বাসিন্দারা গত ৫০ বছর ধরে মুহুরী নদীতে পাম্প বসিয়ে নদীর পানি সেচ দিয়ে চাষাবাদ করে আসছেন। কিন্তু চলতি মৌসুমে নদীতে পাম্প বসাতে গেলে বিএসএফ বাধা দিচ্ছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বিএসএফের সঙ্গে কথা বলেন।
মোশারফ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। আশা করি দুয়েকদিনের মধ্যে সমাধান হয়ে যাবে।