চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৯ পিএম
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর পতেঙ্গা সী-বীচ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রবা ফটো
নগরীর পতেঙ্গা সী-বিচকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে চান চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, পতেঙ্গা সী-বিচকে আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট স্পটে রূপান্তর করতে কাজ করছি। বীচকে পরিস্কার রাখতে আমরা ১০টি স্পটে বর্জ্যের বিন স্থাপন করেছি।
বুধবার (২৫ ডিসেম্বর) পতেঙ্গা সী-বিচে ট্যুরিস্টদের বিনোদন সুবিধা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন মেয়র। এদিন বীচের ১০টি স্পটে বর্জ্যের বিন স্থাপন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন মেয়র। এছাড়া নারী ট্যুরিস্টদের জন্য টয়লেট নির্মাণের এবং বীচ আলোকায়নের ঘোষণা দেন মেয়র।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ধারাবাহিকভাবে পুরো বীচ এলাকাকে পরিচ্ছন্ন রাখতে বিন স্থাপন করা হবে। এছাড়া নারী ট্যুরিস্টদের সুবিধার কথা চিন্তা করে তাদের জন্য পৃথক টয়লেট নির্মাণ করা হবে। এছাড়া ট্যুরিস্টদের নিরাপত্তা বৃদ্ধিতে বীচ আলোকায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
পরে সিটি মেয়র ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডস্থ বিএনআরআরবি সামনে বুফুটওভার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিমানবন্দর সড়কের পাশে ১৫ নম্বর গুপ্তখালের অদূরে বিআরআরবি'র পাশে এ ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। দেড় কোটি টাকা ব্যয়ে স্টিলের ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য হবে ২০ থেকে ২১ মিটার। ফুটওভার ব্রিজটিতে ওঠানামার জন্য চারটি সিঁড়ি থাকবে।
এসময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই সড়কে ট্রাক-লরিসহ বিভিন্ন ভারী গাড়ি ও দ্রুত যানবাহনগুলো চলাচল করে। সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়তে এ ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে।
সিটি মেয়রের সঙ্গে এসময় লেফটেন্যান্ট কমান্ডার শাহ আলম, প্রকল্প পরিচালক প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর ডাক্তার নুরুল আবছার, ডক ইয়ার্ড ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান সেলিম, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, প্রকৌশলী মোহাম্মদ আলী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, মেয়রের একান্ত সহকারি মারুফুল ইসলাম, মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন। পরিচ্ছন্ন কার্যক্রমে সহযোগিতা করে ‘ক্লিন বাংলাদেশ’নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।