রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১২:২৬ পিএম
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)- এর সভাপতি প্রসিত খীসা
‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দুর্বল। এ সরকারের অধীনে পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তাসমূহ অনিশ্চয়তা, আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশের অন্যত্রও সংকটাপন্ন অবস্থা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অব্যবস্থার কারণে পোশাক শ্রমিক, পেশাজীবী ও সাধারণ খেটে-খাওয়া মানুষের জীবন ধারণ ক্রমেই কঠিন হয়ে পড়ছে।’
গতকাল মঙ্গলবার পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)- এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক বিবৃতিতে এসব কথা বলেন দলটির সভাপতি প্রসিত খীসা। তিনি আরও বলেন, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের অপরিণামদর্শী মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে দেশের অভ্যন্তরে নানা বিতর্ক, সংকট সৃষ্টি হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কেও টানাপড়েন চলছে।
প্রসিত খীসা অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার উৎখাত হলেও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, বরং ফ্যাসিস্ট সরকারের দোসররা গুরুত্বপূর্ণ সংস্থায় বহাল তবিয়তে থেকে আগের মতোই নাশকতা চালিয়ে যাচ্ছে।’ তিনি নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।
ইউপিডিএফ সভাপতি বলেন, ১৯-২০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার হামলা, হত্যাকাণ্ড, বৌদ্ধবিহারে লুটপাট ও ধ্বংসযজ্ঞের কারণে নিরাপত্তাহীনতায় শঙ্কাগ্রস্ত বৌদ্ধ সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান পার্বত্য চট্টগ্রামে পালিত হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা ও নির্লিপ্ততার কারণে পার্বত্য চট্টগ্রামে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের দৌরাত্ম্য চলছে বলে মন্তব্য করেন তিনি।