কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৮ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৯ পিএম
‘মা চা শ্রমিক। তার আয় দিয়েই কোনোরকমে সংসার চলে। মায়ের উপার্জনের টাকা দিয়েই পড়াশোনা করছি। স্কুলে হেঁটে যেতে আধাঘণ্টারও বেশি সময় লাগে। আমার অনেক বান্ধবী স্কুলে সাইকেল চালিয়ে যায়। আমি তাদের সাইকেল নিয়ে চালানো শিখেছি। বহুদিন ধরে একটা বাইসাইকেল কেনার শখ ছিল। কিন্তু কেনার সাধ্য নেই। প্রধান উপদেষ্টার দেওয়া বাইসাইকেল পেয়ে আজ নিজের শখ পূরণ হলো।’
বাইসাইকেল পেয়ে আনন্দিত হয়ে এভাবে কথাগুলো বলছিলেন ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রুমা মুন্ডা। শুধু রুমাই নয়, উপজেলার ৫৮ জন কিশোরী শিক্ষার্থী পেয়েছেন রঙিন বাইসাইকেল।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের রঙিন বাইসাইকেল বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন।
উপজেলার মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মণি মোহালি, কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের শান্তনা উড়াং ও রিনা উড়াং বলেন, ‘আমাদের বাড়ি থেকে বিদ্যালয়ে আসা-যাওয়া অনেক কষ্ট হতো। প্রধান উপদেষ্টার দেওয়া সাইকেল পাওয়ায় এখন আর কষ্ট করে হেঁটে স্কুলে যেতে হবে না।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও উচ্চ মাধ্যমিক ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৯ হাজার ৫০০ টাকা করে, মাধ্যমিক ২০০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও প্রাথমিক ১০০ জন্য শিক্ষার্থীদের প্রত্যেকেকে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।’