কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ১০:২৫ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪ ১১:২০ এএম
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত দুই সমর্থককে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।
সোমবার (২৩ ডিসেম্বর) জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, চৌদ্দগ্রাম উপজেলা আমির মু. মাহফুজুর রহমান এবং সেক্রেটারি মু. বেলাল হোসাইনের দেওয়া যৌথ বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
বহিষ্কার হওয়া দুই সমর্থক হলেন উপজেলার কুলিয়ারা গ্রামের আবদুল বারেকের ছেলে মো. আবুল হাশেম ও শফিকুর রহমানের ছেলে মো. অহিদুর রহমান।
বিবৃতিতে তারা বলেন, ‘কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছনার ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা এ দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জামায়াত শুধু বীর মুক্তিযোদ্ধা নয়, দেশের সাধারণ কোনো নাগরিককেও হেনস্থা করা সমর্থন করে না। এ দুঃখজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
তারা বলেন, ‘জামায়াতে ইসলামী কোনো পর্যায়ের নেতা বা কর্মী আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থন করে না এবং প্রশ্রয় দেয় না। আবদুল হাই কানু তার নিজ এলাকায় হত্যাসহ নয়টি মামলার আসামি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। আমরা ঘটনায় জড়িত আবুল হাশেম ও অহিদুর রহমানের শাস্তি দাবি করছি এবং কোনো অবস্থায়ই দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
তারা আরও বলেন, ‘আবুল হাশেম, অহিদুর রহমানসহ এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি দাবি করছি এবং জামায়াতে ইসলামীর শৃঙ্খলাভঙ্গ ও ভাবমর্যাদা ক্ষুণ্ন করায় সমর্থক হওয়া সত্ত্বেও তাদের জামায়াত থেকে বহিষ্কার ঘোষণা করছি।’