× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালো দাম মেলায় আগ্রহ বাড়ছে আখ চাষে

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ (জামালপুর)

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ২০:৪৩ পিএম

ভালো দাম মেলায় আগ্রহ বাড়ছে আখ চাষে

দফায় দফায় আখের দাম বাড়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকল এলাকার চাষিরা ফের আখ চাষে ঝুঁকছেন। যার ফলে মিলটিতে প্রতি মাড়াই মৌসুমে আখ মাড়াই ও চিনি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। চলতি ২০২৪-২৫ আখ রোপণ মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিলটির কর্তৃপক্ষ।

জানা গেছে, ২০২০-২১ আখ মাড়াই মৌসুমে মিলটি বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কায় চাষিরা আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নেন। সে কারণে জিল বাংলা চিনিকলে দেখা দেয় বিরূপ পরিস্থিতি। মিলটির এ দুরবস্থা কাটিয়ে তুলতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে কর্তৃপক্ষকে। আখ চাষ বৃদ্ধি পাওয়ায় ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ৪৪ হাজার ৯৮৮ টন আখ মাড়াই করে ২ হাজার ৭১৭ দশমিক ৫ টন চিনি উৎপাদন করে মিলটি। আখ চাষে চাষিদের আগ্রহ বৃদ্ধি ও চিনির দামের সঙ্গে আখের দামের সামঞ্জস্যতা আনতে কয়েক দফায় আখের দাম বাড়ায় সরকার। ২০২২-২৩ মাড়াই মৌসুমে আখের দাম ছিল ১৮০ টাকা। ২০২৩-২৪ মাড়াই মৌসুমে সরকার প্রতি মণ আখের দাম ৪০ টাকা বৃদ্ধি করায় প্রতি মণ আখের দাম দাঁড়ায় ২২০ টাকা। চলতি ২০২৪-২৫ মাড়াই মৌসুমে আবারও প্রতি মণ আখে ২০ টাকা মূল্যবৃদ্ধি করে সরকার। সর্বশেষ প্রতি মণ আখের মূল্য দাঁড়ায় ২৪০ টাকা। কর্তৃপক্ষের দাবি, আখের মূল্যবৃদ্ধিতে চাষিরা অন্য ফসল চাষ কমিয়ে এখন আখ চাষে ঝুঁকছেন। 

চুনিয়াপাড়া গ্রামের আখচাষি মকবুল হোসেন মলুর বলেন, এক বিঘা জমিতে সর্বনিম্ন ৩০০ মণ আখ উৎপাদন হয়। আগের মৌসুমগুলোতে আখের দাম কম ছিল। আখ চাষে চাষিদের বিঘাপ্রতি সর্বনিম্ন ৩০ হাজার টাকা মুনাফা আসে। যে কারণে এ অঞ্চলের চাষিরা আখ চাষে ঝুঁকছেন।

সদর ইউনিয়নের জামিরাকান্দা গ্রামের আখচাষি সুজন শেখ জানান, গত মৌসুমে ৫ বিঘা জমিতে আখ চাষ করেছিলেন তিনি। তখন মণপ্রতি আখের দাম ছিল ২২০ টাকা। ফলন ভালো হয়েছিল বলে প্রতিবিঘা জমিতে গড়ে ৩৫০ মণ আখ পেয়েছিলেন। তাতে ব্যয়ের তিন-চতুর্থাংশ মুনাফা হয়েছিল। তাই এ বছর তিনি ৮ বিঘা জমিতে আখ চাষ করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। 

চর কালিকাপুর এলাকার আখচাষি ফকির আলী বলেন, আখ চাষ লাভজনক। আখ চাষে ব্যয় ও পরিশ্রম তুলনামূলক কম। আখ বছর মেয়াদি ফসল হলেও প্রতি বিঘা জমিতে আখ চাষ করে ৩০-৪০ হাজার টাকা লাভ থাকে। বর্তমানে মিলে আখ সরবরাহ করতে কোনো ভোগান্তি নেই। আখ সরবরাহের অনুমতিপত্র (পুর্জি) পেতে দুর্ভোগ পোহাতে হয় না। আখ মিলে সরবরাহ করে আখের দাম পেতে ভোগান্তি নেই।

জিল বাংলা চিনিকল সূত্রে জানা গেছে, মিল এলাকায় আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে গোটা আখ উৎপাদনকারী অঞ্চলকে ছয়টি সাব-জোনে বিভক্ত করে ৫৯টি ইউনিটের মাধ্যমে কাজ করছে মিলটির কর্তৃপক্ষ। প্রতিটি সাব-জোনে চাষিদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করে যাচ্ছেন সাব-জোনের প্রধান, ইক্ষু উন্নয়ন সহকারী উপব্যবস্থাপক (সম্প্রসারণ), সহকারী ব্যবস্থাপক (সম্প্রসারণ)। তাদের দাবি, এ অঞ্চলের মাটি পলি দো-আঁশ। এ মাটিতে আখের ফসল ভালো পাওয়া যায়। সে কারণে চাষিরা আখ চাষে ঝুঁকছেন। মিল কর্তৃপক্ষ দাদন হিসেবে প্রয়োজন অনুযায়ী সার, বালাইনাশক, উন্নত জাতের আখের বীজ ও প্রযুক্তির সরবরাহ করছেন। তারা আশাবাদী, আখের মূল্যবৃদ্ধি, আখ চাষে কৃষকদের উন্নত প্রযুক্তির হস্তান্তর ও উপকরণের সুবিধা দেওয়ায় চাষিদের মধ্যে আখ চাষে অধিক আগ্রহ জন্মেছে। ক্রমান্বয়ে আখ চাষ আরও বৃদ্ধি পাবে।

জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এ অঞ্চলের চাষিরা আখ চাষে অভিজ্ঞ ও বাস্তব জ্ঞানসম্পন্ন। ২০২৪-২৫ রোপণ মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সেই অনুযায়ী মাঠে কাজ চলছে। 

জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ২০২৪-২৫ মাড়াই মৌসুমে ৬০ হাজার টন আখ মাড়াই করে ৭ শতাংশ চিনি আহরণ হিসাবে ৪ হাজার ২০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। মিল বন্ধের গুজবে এ অঞ্চলের চাষিরা আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আবহাওয়া ও প্রকৃতি অনুকূলে থাকলে আগামী ২০২৫-২৬ মাড়াই মৌসুমে চিনি উৎপাদন বৃদ্ধি পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা