× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরির অপবাদে জনসমক্ষে যুবককে নাকে খত, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ২০:২০ পিএম

চুরির অপবাদে জনসমক্ষে যুবককে নাকে খত, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে চুরির অপবাদ দিয়ে রহমত উল্লাহ নামের এক যুবককে নাকে খত দিতে বাধ্য করার ‍অভিযোগ উঠেছে। এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, এর আগে একই অভিযোগে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। একপর্যায়ে তাকে লাঠিপেটাও করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনার ৪ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওটি এ প্রতিবেদকের হাতে আসে। 

গত রবিবার দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে কাজীর দিঘীরপাড় বাজারে রহমত উল্লাহকে চুরির অপবাদ দিয়ে বাজারের কয়েকজন ব্যবসায়ী নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী রহমত উল্লাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার চৌকিদার বাড়ির আহমদ উল্লাহর ছেলে। তবে এ ঘটনায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, রহমত উল্লাহকে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজনের হাতে লাঠি দেখা যায়। একপর্যায়ে একজন এসে রহমতকে নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত যেতে বলেন। নাকে খত দেওয়া শেষ হতেই পেছন থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়। একজনকে লাথি মারতেও দেখা যায় রহমতের শরীরে। সুমন কাজীর দীঘিরপাড় বাজারের কাপড়ের ব্যবসায়ী বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কাজিরদীঘির পাড় বাজারের একাধিক ব্যবসায়ী জানায়, ওদুদ মাওলানা দুপুরে মুদি দোকান খালি রেখে নামাজ পড়তে যান। তখন রহমত উল্যাহ তার দোকানে ঢুকে ক্যাশবাক্স থেকে টাকা চুরির চেষ্টা করে। এতে স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে মারধর করে একটি খুঁটিতে বেঁধে রাখে। পরে ব্যবসায়ী নিজাম ও সুমনসহ কয়েকজন তাকে নাকে খত দিতে বাধ্য করে। জনসমক্ষে নাকে খত দেওয়া শেষ হলে তাকে ছেড়ে দেওয়া হয়। ভিডিওতেও শোনা যায় সুমন ওই যুবককে নাকে খত দিতে বলছেন। এ ছাড়া ভিডিওতে নিজামের হাতেও লাঠি দেখা যায়। খুঁটিতে বাঁধার আগে যুবককে সবাই এলোপাতাড়ি মারধর করে।

বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, চুরির অভিযোগ এনে ওই যুবককে মারধর করে কয়েকজন। আমি তাকে উদ্ধার করেছি। সুমনসহ কয়েকজন তাকে নাক খত দিতে বলেছে। আমি ঘটনাস্থল থাকায় তাকে বেশি মারধর করতে পারেনি। আমি তাকে রক্ষা করেছি। 

বাজারের ব্যবসায়ী মো. সুমন বলেন, ঘটনাস্থলে ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন ছিল। আমি ওই যুবককে নাকে খত দিতে বলিনি। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা সবাই মিলেই তাকে মারধর ও নাকে খত দিতে বাধ্য করেছে।

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা নেই। ভিডিওটিও এখনও নজরে আসেনি। বাজার থেকে কোনো ব্যবসায়ীও আমাকে এ বিষয়ে কিছু জানায়নি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ভিডিওটি এখনও নজরে আসেনি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা