× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালিক সমিতির দ্বন্দ্ব

ছয় দিন ধরে ফুলবাড়ী-রংপুর সড়কে বাস বন্ধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৭ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৫০ পিএম

ছয় দিন ধরে ফুলবাড়ী-রংপুর সড়কে বাস বন্ধ

দিনাজপুর বাস মালিক গ্রুপ ও পার্বতীপুর বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে গত ছয় দিন বন্ধ রয়েছে জেলার ফুলবাড়ী-রংপুর মহাসড়কে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। একই দ্বন্দ্বে বন্ধ রয়েছে ফুলবাড়ী-পার্বতীপুর ও ফুলবাড়ী-সৈয়দপুর সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসও। 

সোমবার (২৩ ডিসেম্বর) সরেজমিনে ফুলবাড়ী বাসস্ট্যান্ডে দেখা যায়, সারি সারি অটোরিকশা ও অটোভ্যান দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। বাস বন্ধ থাকায় অটোরিকশায় চেপে পার্বতীপুরে যেতে হচ্ছে যাত্রীদের। এতে যাতায়াতে একদিকে যেমন সময় বেশি লাগছে, অন্যদিকে ভাড়াও বেশি পড়ছে। 

এদিকে, ফুলবাড়ী-রংপুর রুটে ফুলবাড়ী থেকে ছেড়ে যেতে পারছে না কোনো বাস। এতে বিপাকে পড়েছে রোগীসহ রংপুরগামী যাত্রীরা। তারা ফুলবাড়ী বাসস্ট্যান্ডে আসলেও ফিরে যেতে হচ্ছে বাস না পেয়ে। 

রংপুরগামী যাত্রী আসমা আক্তার ও পলী বেগম জানান, ডাক্তার দেখাতে তারা রংপুরে যাবেন। কিন্তু বাস নেই। সরাসরি কোনো ট্রেনও চলে না ফুলবাড়ী-রংপুরের মধ্যে। তাই অটোরিকশা বা অটোভ্যানে করেই রংপুরে রওনা দেবেন। আবার ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় অটো চার্জার পাবেন কি না সে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

ফুলবাড়ী বাসস্ট্যান্ডের বুকিং মাস্টার ও শ্রমিক নেতা ইমদাদুল হক বলেন, মালিকপক্ষের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গত ১৮ ডিসেম্বর সকালে ফুলবাড়ী থেকে যেসব বাস রংপুর যাওয়ার জন্য স্ট্যান্ড থেকে রওনা দেয়, সেগুলোকে পার্বতীপুর মালিক সমিতি মহেশপুর থেকে ফেরত পাঠিয়ে দেয়। তখন থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে অর্ধশত শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার সভাপতি আলহাজ মহসিন আলী সরকার বলেন, দিনাজপুর মালিক সমিতি ও পার্বতীপুর মালিক সমিতি এই দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ফুলবাড়ী থেকে রংপুরের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এই রুটে দিনাজপুর মালিক গ্রুপের ১১টি এবং রংপুর মালিক গ্রুপের ১১টি বাস চলাচল করে। দিনাজপুর মালিক গ্রুপের ১১টি বাসের মধ্যে একটি রয়েছে পার্বতীপুর মালিক সমিতির বাস। পার্বতীপুর মালিক সমিতির দাবি, এই সড়কে তাদের বাস বাড়াতে হবে। তবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সুরাহা না হওয়ায় পার্বতীপুর মালিক সমিতি তাদের এলাকার ওপর দিয়ে ফুলবাড়ী থেকে সরাসরি রংপুরগামী বাস চলাচল বন্ধ করে দিয়ে তাদের এলাকা মহেশপুর থেকে রংপুর রুটে বাস চালাচ্ছেন। এতে ফুলবাড়ীর অর্ধশত শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

পার্বতীপুর বাস মালিক সমিতির সেক্রেটারি ফয়জার রহমান বলেন, পুরো দিনাজপুর জেলায় দুটি মালিক সমিতি রয়েছে। ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলোমিটার সড়কের মধ্য ১৭ কিলোমিটার পার্বতীপুর এলাকার মধ্যে আর অবশিষ্ট ১৮ কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে। ফুলবাড়ী থেকে রংপুর সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা। কিন্তু বিগত আওয়ামী শাসনামলে দিনাজপুর মালিক গ্রুপ পার্বতীপুর মালিক সমিতির একটি মাত্র বাস চলাচল করতে দেয়। যেহেতু পার্বতীপুরের সড়ক এলাকা বেশি তাই পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচল করতে দিতে হবে।

দিনাজপুর বাস মালিকপক্ষের সভাপতি ভবানি শংকর আগারওয়ালা বলেন, বিষয়টি নিয়ে দিনাজপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে মালিকপক্ষদ্বয়কে নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা