বেড়া, সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৪১ পিএম
পাবনার সাঁথিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জুলকারনাইনের লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলাধীন নন্দনপুর স্বরূপে পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের লাশ উত্তোলন করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নিহত জুলকারনাইন সাভারের পলাশবাড়ি জে এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং পাবনার সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের স্বরপ গ্রামের হোমিওপ্যাথি চিকিৎসক আব্দুল হাই আল হাদীর সন্তান। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরে গত ৫ আগস্ট সাভার আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে মিছিলে যোগ দিয়েছিলেন জুলকারনাইন।বিকাল ৫টার দিকে জুলকারের বন্ধুরা তার বাবার মোবাইল ফোনে জানায় তার ছেলের গলায় গুলি লেগেছে, তাকে
দ্রুত এনাম হাসপাতালে আসতে বলেন তারা। তার বাবা আব্দুল হাই হাসপাতালে গিয়ে দেখেন, তার ছেলের নিথর দেহ পড়ে আছে। ওইদিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়।
গত ৬ আগস্ট সকালে সাঁথিয়ার স্বরপগ্রামে নিজ বাড়িতে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল।