নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৪ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৪ পিএম
বরিশালের বাবুগঞ্জে একটি জুয়ার আসরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে এক পুলিশ সদস্য ও এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। রবিবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার মাধবপাশ ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় আটকের পর মারধর করে তাদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
আটককৃতরা হলেন- বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও মহানগর ছাত্রদলের সহসভাপতি রাসেল আকন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চন্দ্রপাড়া এলাকায় রবিবার রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিলেন। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেন তিন সদস্য। তারা পাঁচ যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যান। একপর্যায়ে এলাকাবাসীর সন্দেহ হলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসিকে কল দেয়। কোনো পুলিশ অভিযানে যায়নি জানালে এলাকাবাসী আটক দুজনকে মারধর করে এয়ারপোর্ট থানা পুলিশে সোপর্দ করে। তবে এ সময় তাদের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যান।
এর আগে ২০১৬ সালের ২১ আগস্ট ছাত্রদল নেতা রাসেলকে ১০৭ পিস ইয়াবাসহ আটক করে র্যাব। পুলিশ জানায়, রাসেলের বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ নানা অভিযোগ ও মামলা রয়েছে।
স্থানীয় এনায়েত জানায়, এসআই রেদোয়ান ও রাসেল কখনও ডিবি পুলিশ, কখনও রাজনৈতিক দলের নেতা পরিচয়ে নানা অপকর্ম চালাতেন।
বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানা পুলিশ হেফাজতে রয়েছেন।