ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৪ পিএম
ফেনী গার্লস ক্যাডেট কলেজে উৎসবমুখর পরিবেশে কলেজের ১৭তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) কলেজের সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় তিনটি হাউজের দেড় শতাধিক শিক্ষার্থী ১৩টি ইভেন্টে অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিলিটারী একাডেমীর কমান্ডেন্ট মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান (এনডিসি, এএএফডব্লিউসি, পিএসসি, এমফিল)। তিনি বিজয়ী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথি তার সমাপনী বক্তব্য দেন। তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজের একাডেমিক ফলাফল ও সার্বিক উন্নয়নে তার সন্তোষ প্রকাশ করেন।
এর আগে গত ১৯ ডিসেম্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুন নাহার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর শুভ সূচনা করেন। এ সময় কলেজ অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট কমান্ডার ফারজানা সরকার তান্না ক্যাডেটদের শপথ বাক্য পাঠ করান।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস বিভিন্ন রঙের ব্যানার ফেস্টুন ও আলোকসজ্জার মাধ্যমে সুসজ্জিত করা হয়।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-এ খাদিজা হাউস চ্যাম্পিয়ন ও আয়েশা হাউস রানার আপ হয়। সার্বিকভাবে ২০২৪ সালে অনুষ্ঠিত শিক্ষা, সহশিক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতাসমূহে ফাতেমা হাউস চ্যাম্পিয়ন ও খাদিজা হাউস রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।