চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:০৭ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:০৮ পিএম
মেঘনা নদীর চাঁদপুর অংশে আল বাখেরা নামে একটি জাহাজ থেকে পাঁচ নাবিকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই জাহাজ থেকে গলা কাটা আরও তিন নাবিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনকে মৃত ঘোষণা করেছে চিকিৎসক। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত সাত নাবিক মারা গেছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার পর মরদেহের খবর পাওয়া যায়। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। পাশ দিয়ে যাওয়ার সময় মুগনি থ্রি নামে আরেকটি জাহাজ আল বাখেরার বিপদগ্রস্থ হওয়ার বিষয়টি অনুমান করে ওই জাহাজের পাশে নোঙর করে। পরে মুগনি থ্রি এর লোকজন বাখেরায় গিয়ে কয়েকজনের গলা কাটা লাশ দেখতে পেয়ে কোস্টগার্ডকে জানায়। দুপুরের দিকে ওই জাহাজে গিয়ে পৌঁছায় নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। এরপর তারা নিহত ও আহতদের উদ্ধার করেন।
মুগনি থ্রি এর সুকানী মো. রবিউল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চাঁদপুরের হরিনা সবুজ বয়ার পাশে আল বাখেরা নোঙর করা ছিল। আমরা যোগাযোগের চেষ্টা করে সাড়া পাইনি। তাই সেই জাহাজে উঠি আমরা। গিয়ে দেখি সবাই গলা কাটা অবস্থায় পড়ে আছে। ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ডাক্তার মৃত ঘোষণা করেছে।
বাংলাদেশে কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামসও এই তথ্য নিশ্চিত করেছেন।
মো. রবিউল সুকানী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পণ্যবাহী জাহাজটি সার নিয়ে নারায়ণগঞ্জে যাওয়ার কথা ছিল। ধারণা করছি রাতে ডুবোচরে আটকে যাওয়ার পর তারা ডাকাতির শিকার হয়। যারা নিহত হয়েছেন সবাই নাবিক। আহতরাও তাই।
চাঁদপুরে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, ট্রিপল নাইনের মাধ্যমে তারা জানতে পারেন এমভি আল বাহেরা নামক একটি জাহাজে মরদেহ পাওয়া গেছে। পাঁচজন মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তিনজন আশংকাজনক অবস্থায় রয়েছে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জাহাজটিতে কোস্ট গার্ড ও নৌপুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।