কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১২:৫৩ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ১২:৫৩ পিএম
কুমিল্লায় এক বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে। যার একটি ভিডিও রবিবার (২২ ডিসেম্বর) রাত থেকে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু। তিনি আগে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
১ মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক একজন মধ্যবয়সী ব্যক্তিসহ আব্দুল হাই কানুকে ধরে আনেন। লাল কটি ও পাঞ্জাবি পরা কানুর গলায় তখন জুতার মালা। এ সময় পাশ থেকে একজন বলছেন তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে। অপরজন বলছেন কুমিল্লা থেকে বের হয়ে যেতে।
এ সময় আব্দুল হাই কানু আকুতি করে বাড়ি থেকে বের হবেন না বললে মধ্যবয়সী ব্যক্তি বলেন, ‘আমরা এত বছর বাড়িতে থাকতে পেরেছি? এ সময় আরেকজন বলে উঠেন, আপনি পুরো গ্রামের মানুষের কাছে মাফ চাইতে পারবেন? এ সময় তিনি হাত জোড় করে সবার কাছে মাফ চান। একপর্যায়ে তাকে দুই হাত ধরে দুজন ব্যক্তি সামনের দিকে নিয়ে যান।’
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, রবিবার সকালে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বাজার করতে বের হন। এ সময় তাকে স্থানীয় কয়েকজন ধরে নিয়ে যায় কুলিয়ারা হাইস্কুলের সামনে। সেখানে তার গলায় জুতার মালা পরায় এবং শারীরিক-মানসিকভাবে হেনস্থা করেন। ঘটনার পর থেকে পলাতক ঘটনায় জড়িতরা। তাদের ধরতে পুলিশের কয়েকটি টিম তৎপর রয়েছে বলে জানা গেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তারুজ্জামান বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে তারা সবাই বাইরের। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু আমাদের এই বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হচ্ছেন না। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। জানতে পেরেছি জড়িতরা কেউ গাজীপুর ও ঢাকায় থাকেন। পুলিশ তাদের শনাক্তে কাজ করছে।’