শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১১:৪২ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ১২:২০ পিএম
শ্রীপুরে আগুনে পুড়ে যাওয়া বোতাম তৈরির কারখানার ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। প্রবা ফটো
গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে যাওয়া বোতাম তৈরির কারখানার ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে ওই কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩-এ দাঁড়িয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মজলুম মিয়া, বাড়ি লালমনিরহাট জেলায়। বাবার নাম বাবলু মিয়া।
মেঘনা গ্রুপের এম অ্যান্ড ইউ ট্রিমস (বোতাম) তৈরির কারখানার উৎপাদন ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজার) আবদুর রহমান বলেন, মৃত প্রত্যেকেই রংমিস্ত্রি। তারা কারখানার ভেতরে রঙের কাজ করছিলেন। রবিবার মধ্যাহ্নবিরতির সময় সবাই চলে গেলেও তারা কাজ করছিলেন। এ সময় হঠাৎ দক্ষিণ পাশের ওয়েস্টেজ কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তে তা পশ্চিম পাশের ওয়েস্টেজ গুদামে ছড়িয়ে পড়ে। তবে কারখানার ভেতর রংমিস্ত্রিরা কাজ করার সময় কেমিক্যালভর্তি কয়েকটি ড্রাম বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার সময় তারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক (ডিডি) মামুন জানান, আগুনে পুড়ে মারা যাওয়া একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় এখনও বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হওয়ায় আশপাশের পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পাশেই উৎপাদন শেডে ১২০টির মতো কেমিক্যালের ড্রাম ছিল। আমাদের ফায়ার ফাইটার এবং স্থানীয়দের সহায়তায় ওই ড্রামগুলো বাইরে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে পেরেছি। তা না হলে আগুন আরও ভায়াবহ রূপ ধারণ করত। প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি ওয়েস্ট কেমিক্যালের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, মৃতদের স্বজন বা পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি এবং তদন্ত কমিটি হয়নি।