চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ২১:৩৩ পিএম
নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার নিষ্ঠার সঙ্গে কাজ করছে। গত তিন মাসে আপনারা শোনেননি এ সরকারের কেউ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কোনো অসৎ ব্যক্তি আমাদের কেবিনেটে নেই।
রবিবার (২২ ডিসেম্বর) নগরীর পতেঙ্গা এলাকার চট্টগ্রাম বোর্ড ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪৭তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।
দুর্দিনে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পেরেছে জানিয়ে নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, আপনারা জানেন শেয়ারবাজারের দুর্দিনের কথা। বিগত সময়ের চুরিচামারির কারণে কোনো প্রতিষ্ঠান এখন লভ্যাংশ দিতে পারছে না। কিন্তু বিএসসি সে জায়গায় সম্মানজনক লভ্যাংশ তার শেয়ারহোল্ডারদের দিতে পেরেছে। বর্তমানে পাঁচটি জাহাজ নিয়ে শেয়ারহোল্ডারদের লাভ দিয়েছে। যদিও ছয়টি জাহাজের মধ্যে একটি ইউক্রেনে ক্ষতি হয়েছে। আগামীতে এই লভ্যাংশ আরও বৃদ্ধি পাবে।
সাখাওয়াত হোসেন আরও বলেন, শেয়ারহোল্ডারদের বদৌলতে বিএসসি সরকারকে পৌনে পাঁচশ কোটি টাকা ঋণ ফেরত দিয়েছে। শেয়ারহোল্ডারদের আস্থা বিএসসির ওপর থাকায় এই কাজটি সম্ভব হয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজের বহর বড় করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বিএসসির বহরকে বড় করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একটি চাইনিজ প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। সরকার অনুমোদন দিলে আমরা চুক্তি সই করে ফেলব। দুই বছরের মধ্যে জাহাজগুলো পাওয়া যাবে। এ ছাড়া শিপিং করপোরেশন নিজের অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার কিনবে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি যেখানে আমরা এক থেকে পাঁচ বছরের মধ্যে ব্যবহার হয়েছে এমন জাহাজ কিনব।
এর আগে সভায় ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য আগের বছরের মতো ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। এ সময় তিনি বিএসসির ২০২৩-২৪ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন।
কমোডর মাহমুদুল মালেক বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরে বিএসসির পরিচালনা বাবদ ৪৮৭ কোটি ৭৪ লাখ টাকা এবং অন্যান্য খাত থেকে ১০৮ কোটি ৪৪ লাখ টাকা আয় হয়েছে। এতে মোট আয় দাঁড়িয়েছে ৫৯৬ কোটি ১৯ লাখ টাকায়।’