নাটোর প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ১৪:০৮ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪ ১৪:২১ পিএম
কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশান মন্দির। প্রবা ফটো
নাটোরে মন্দির থেকে তরুণ চন্দ্র দাস নামের এক বৃদ্ধের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বড়হরিশপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশান মন্দির থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বড়হরিশপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশান মন্দিরে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা- শুক্রবার (২০ ডিসেম্বর) রাতের কোনো এক সময় চুরি বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহত তরুণ চন্দ্র দাস নাটোর শহরের আলাইপুর ধোপাপাড়া মহল্লার মৃত কালিপদ দাসের ছেলে। তিনি প্রায় দুই যুগ ধরে মহাশ্মশান মন্দিরেই থাকতেন।
মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্য নারায়ণ রায় টিপু বলেন, ‘শনিবার সকালে মহাশ্মশান মন্দিরের সদস্যরা ভোগ ঘরে গেলে সেবায়েত তরুণের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। মন্দিরের দান বাক্সের ও ভান্ডার ঘরের তালা ভাঙ্গা এবং গ্রিল কাটা ছিল। সম্ভবত তরুণকে হত্যা করে ডাকাতরা মন্দিরের টাকা এবং কাঁসা পিতলের বাসনপত্র নিয়ে গেছে। তিনি ২৩ বছর ধরে মন্দিরের সেবায়েতের দায়িত্বে ছিলেন।’
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘মহাশ্মশান থেকে একজনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। মহাশ্মশানের ভান্ডার ঘরের মালামাল লুটের কিছু আলামত পাওয়া গেছে। সম্ভবত চুরি বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়ে থাকতে পারে।’
তিনি আরও বলেন, ‘রাজশাহী থেকে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা রওনা হয়েছেন। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’