রংপুরে সাম্প্রদায়িক হামলা
রংপুর সংবাদদাতা
প্রকাশ : ০৮ আগস্ট ২০২২ ১৩:১৫ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২২ ১৩:৪০ পিএম
আসামিদের আদালতে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
রংপুরের পীরগঞ্জ উপজেলার কসবা-মাঝিপাড়ায় হিন্দু পল্লীতে আগুন দিয়ে মালামাল লুটসহ তাণ্ডবের মামলায় আত্মসমর্পণকারী ৫১ জনের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার সকালে পীরগঞ্জ আমলই আদালতের জিআরও শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রবিবার বিকেলে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় দেন।
চাঞ্চল্যকর এই ঘটনায় ২০২১ সালের ১৮ অক্টোবর ১৪৬ জন আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের করেন পীরগঞ্জ থানার এস আই ইসমাইল হোসেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহবুব হোসেন সব আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার প্রধান আসামি শহিদ ওরফে শহিদুজ্জামানসহ শতাধিক আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা অন্য আসামিরা হলেন, আতাউর রহমান, মোজ্জল হোসেন, রুবেল সরকার, সাইফুল তালুকদার, সিরাজুল ইসলাম, বকুল মিয়া, মিলন মিয়া, আলফাজুর রহমান, রিপন আকন্দ, সুলতান আহাম্মেদ, ফাহিম, কাওসার আলী, হাফিজার রহমান, হারুন, অপিরুল ইসলাম, শাহিন, মিজানুর রহমান, বাবলু, শফিকুল , তাজুল ইসলাম, পিয়াস মিয়া, জাহাঙ্গীর হোসেন, পাপ্পু মিয়া, গেদা ওরফে জেয়াদ আলী, ফয়জার রহমান, খুশি মিয়া, জয়নাল আবেদীন, নজরুল ওরফে রানা, লিটন, গোলাম মোস্তফা, আরিফুল ইসলাম, সাদেকুল, রাসেল, জিল্লুর রহমান, রোকন, মশিউর, সাদেকুল ইসলাম, হাবিবর রহমান, মোহাম্মদ আলী, সুমন, মালেক, রাশেদ, হৃদয়, বাশিদুল ইসলাম, সুমন মিয়া, কাইয়ুম আলী, হুমায়ুন ও শরিফুল ইসলাম।
শুনানি শেষে বিচারক সব আসামির জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আবু সাঈদ জানান, আসামিরা সবাই সহায় সম্বলহীন ও শ্রমজীবী। পুলিশ অন্যায়ভাবে তাদের মামলায় আসামি করেছে।
ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ২০২১ সালের ১৭ অক্টোবর উপজেলার বড় করিমপুর কসবা মাঝিপাড়া ও দক্ষিণ মাঝি পাড়ায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে অন্তত ৩০টি বাড়িঘরে আগুন দিয়ে মালামাল ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় আইসিটি আইনে তিনটি ও হিন্দুপাড়ায় তাণ্ডবের ঘটনায় একটিসহ মোট চারটি মামলা করে পুলিশ। ঘটনার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৫০ জনকে গ্রেফতার করে।
প্রবা/ইউরি/