প্রবা প্রতিবেদক ও রংপুর ব্যুরো
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ০৮:১৮ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২২ ১২:৪০ পিএম
রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে চূড়ান্ত দলীয় প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফাকে মনোনয়ন দেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। ছবি : প্রবা
আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফার নামই ঘোষণা করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা দেন জাপার অভিভাবক রওশন এরশাদ। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পার্টির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদও সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে গত ১৩ নভেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মহানগর জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙল প্রতীকের প্রার্থী হিসেবে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের মনোনয়ন পেয়েছেন৷
সোমবার রাতে রওশন এরশাদের মুখপাত্র কাজী মো. মামুনুর রশীদ বলেন, ‘আমাদের সবার মনে রাখা উচিত রংপুর জাতীয় পার্টির প্রাণ। এটা প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মস্থান এবং তিনি সেখানে শায়িত আছেন। তাই সিটি নির্বাচনে এই আসনটি যেকোনো মূল্যে ধরে রাখতে হবে এবং জাতীয় পার্টির প্রতীক লাঙল নিয়ে নির্বাচনে জয়ী হবে এমন যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বিরোধী দলীয় নেতার বার্তা হলো- সন্তান ভুল করলেও, মা হিসেবে তিনি সন্তানের ভুল ক্ষমা করে দিয়েছেন।’
রওশন এরশাদ রংপুর সিটি নির্বাচনে মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশনা দিয়েছেন বলেও জানান মামুনুর রশীদ।
এর আগে সোমবার রাতে ঢাকায় এসে গুলশানের ওই হোটেলে রওশন এরশাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ, সাবেক এমপি এমএ গোফরান, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ।
থাইল্যান্ডে পাঁচ মাস চিকিৎসা শেষে রবিবার দুপুর সাড়ে ১২টায় দেশে ফিরেছেন রওশন এরশাদ৷ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে রওশন এরশাদ রসিক নির্বাচন নিয়েও কথা বলেন।
মোস্তাফিজার রহমান মোস্তফা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি৷
রওশন এরশাদের বরাত দিয়ে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ বলেন, মোস্তাফিজার রহমান মোস্তফা দলের পরীক্ষিত নেতা। তার প্রতি নগরবাসীর ব্যাপক সমর্থন রয়েছে। এ ছাড়া দলের কঠিন সময়ে তিনি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির পাশে এসে দাঁড়িয়েছিলেন। সেই অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে রওশন এরশাদ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমানকে লাঙল প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
২০২১ সালের আগস্ট মাসে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে এক সমাবেশে জিএম কাদের রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় প্রার্থী হিসেবে মোস্তফার নাম ঘোষণা করেন। এরপর জিএম কাদের ও রওশন এরশাদপন্থিদের দ্বন্দ্বের কারণে গত ১৪ সেপ্টেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলের সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম পদসহ সব পদ-পদবী থেকে অব্যহতি দেন। এরপর জাতীয় পার্টি থেকে এক ঘরে হয়ে যান মসিউর রহমান রাঙ্গা।
রওশনপন্থিরা দলের ভাইস চেয়ারম্যান, রংপুর পৌরসভার সাবেক মেয়র একেএম আব্দুর রউফ মানিককে লাঙলের প্রার্থী হিসেবে প্রচার চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। আব্দুর রউফ মানিক নিজেকে লাঙলের (জাতীয় পার্টি) প্রার্থী হিসেবে প্রচার চালালে গত ২৮ সেপ্টেম্বর তাকে দল থেকে বহিস্কার করা হয় এবং মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপর আব্দুর রউফ মানিক নির্বাচনের মাঠ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
এদিকে দেবর-ভাবীর দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করলে গুঞ্জন উঠে রওশনপন্থি নেতা মসিউর রহমান রাঙ্গা লাঙলের প্রার্থী হিসেবে সিটি নির্বাচনে হাজী তানবীর হোসেন আশরাফীকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছেন। রওশনপন্থি প্রার্থী হয়ে জিএম কাদের মনোনীত মেয়র মোস্তফার বিরুদ্ধে তিনি লড়বেন।
এদিকে তানবীর আশরাফী প্রস্তাব ফিরিয়ে দিলে রওশনপন্থিরা জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা আব্দুর রউফ মানিককে রংপুর সিটি নির্বাচনে লড়ার জন্য পূনরায় সমর্থন দেন। এ লক্ষ্যে গত ২২ নভেম্বর মানিকের পক্ষে তার ভাতিজা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।