কক্সবাজার অফিস
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৭ পিএম
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় চাপা পড়া আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১২ ব্লকে এ ঘটনা ঘটে।
রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. ছৈয়দ উল্লাহ উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকের ইমাম হোসেনের ছেলে।
এ সময় জীবিত উদ্ধার করা হয় উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ তৈয়বের ছেলে সৈয়দ নূর এবং একই ক্যাম্পের এ-৩ ব্লকের মো. জুনায়েদ এর ছেলে এনায়েত রহমান।
স্থানীয়দের বরাতে খন্দকার ফজলে রাব্বী বলেন, সকালে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১২ ব্লকের একটি খাড়া পাহাড়ের খাদে স্থানীয় শিশুরা খেলছিল। একপর্যায়ে মাটি ধসে পড়ে। এতে তিন শিশু মাটি চাপা পড়ে। এতে এক শিশুর মৃত্যু হয়। অপর দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।