দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:০২ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে বাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার চিররবন্দর উপজেলার মশালপুর গ্রামের বাসিন্দা শিক্ষক কৈশিক রায়ের ছেলে মাধব রায় এবং একই এলাকার বাসিন্দা দীপু রায়।
বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, বীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী ট্রাক ও ঠাকুরগাঁও থেকে বীরগঞ্জগামী বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাইকের চালক মাধব রায় নিহত হন। দীপু রায়কে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মহসিন তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হক জানান, সকাল সাড়ে আটটার দিকে এই সংঘর্ষ হয়। ৫টি বাইকে বন্ধুরা ঠাকুরগাঁওয়ের নারগুনে খেজুরের রস খেতে যায়। সেখান থেকে ফেরার পথে কবিরাজহাট বাজারে বাইক ও ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকটি পালিয়ে যাওর চেষ্টা করলে এলাকাবাসীরা আটক করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ প্রশাসন তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে যান চলাচলের পরিবেশ তৈরি করে, দুইজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।