টঙ্গী ও গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১২:০৫ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ১২:২১ পিএম
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষে তিন মুসল্লি নিহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের মুখপাত্র মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসকান্দার হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর রাতে মুয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
মুয়াজ বিন নূর উত্তরার ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। মামলার ৫ নম্বর আসামি তিনি।