প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:৪৩ পিএম
বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের আয়োজনে পল্লী উন্নয়ন একাডেমি, জেলার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বগুড়া অঞ্চলের সিএমএসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে সিএমএসএমই ও ক্রেডিট গ্যারান্টি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ডঃ এ কে এম অলি উল্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক জনাব মনোজ কুমার হাওলাদার।
বগুড়া অঞ্চলে ব্যাংকার ও উদ্যোক্তাদের সমন্বয়ে প্রথমবারের মতো এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হলো।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস অফিস, বগুড়ার জেনারেল ম্যানেজার মো. রশিদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক বগুড়ার পরিচালক মো. শাহেদ আলী ও পরিচালক মো. সরোয়ার হোসেন, ব্যাংকার্স ক্লাব বগুড়ার সাধারণ সম্পাদক ও রাকাব জোনাল অফিসের (দক্ষিণ) ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহিনুর ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমএসএমই প্রোগ্রামের বগুড়া জেলার লিড ব্যাংকের সদস্য সচিব ও সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, বগুড়া নর্থ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মামুনুর রশীদ ভূঁইয়া। বগুড়া জেলার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অঞ্চল প্রধান/শাখা প্রধান এবং প্রতিটি ব্যাংকের একজন করে সিএমএসএমই উদ্যোক্তা এতে উপস্থিত ছিলেন। কর্মশালার রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকার পরিচালক জনাব নওশাদ মোস্তাফা ও যুগ্ম পরিচালক মো. অলিউল ইসলাম।
অনুষ্ঠানে গেস্ট অব অনার পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক ডঃ এ কে এম অলি উল্যা বলেন, নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান ও গবেষণার কাজটি পল্লী উন্নয়ন একাডেমি সম্পাদন করে মাঠপর্যায়ে বিভিন্ন মডেল বিস্তারের কাজ করে থাকে। ব্যাংক থেকে উদ্যোক্তাদের মধ্যে অর্থায়নের বিষয়টি স্বল্পব্যয়ি ও সহজতর হলে দেশের অর্থনীতিকে আরো বেগবান করা সম্ভবপর হবে।
প্রধান অতিথি মনোজ কুমার হাওলাদার তার বক্তব্যে বগুড়া অঞ্চলে সিএমএসএমই এর গুরুত্ব তুলে ধরেন এবং এ ক্ষেত্রে ঋণের প্রবাহ বৃদ্ধি করে সরাসরি উৎপাদন সংশ্লিষ্ট উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদেরকে অর্থায়ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন; যাতে করে এই অঞ্চলের অর্থনীতি একটি দৃঢ় ভিত্তির উপর অবস্থান করে, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দারিদ্র দূরীকরণ হয়। তিনি বলেন, সিএমএসএমই উদ্যোক্তাদের অনেক ক্ষেত্রেই জামানত বা উপযুক্ত জামিনদার না পাওয়ায় ঋণ প্রাপ্তিতে সমস্যা হয়। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রদান করে ঋণ প্রাপ্তিতে সহায়তা করে থাকে।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের এ দেশ একটি জনবহুল দেশ। ফলে সরকারের সীমিত অর্থ ও পরিসর দিয়ে সকলের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয় না। বেসরকারি উদ্যোক্তারাই মূলত কর্মসংস্থান সৃষ্টিসহ এ দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করছে। এ জন্য দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকেই জোরালো ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংক, বগুড়ার পরিচালক সরোয়ার হোসেন বলেন, ব্যাংকিং খাতে লোন কনসেন্ট্রেশনের যে ঝুঁকি তৈরি হয় তা সিএমএসএমই ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণ বৃদ্ধি করলে অনেকাংশেই কমানো সম্ভব হয়।