নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০৯ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:১১ পিএম
দীর্ঘ ১৭ বছর পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে বিএনপির প্রকাশ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নিঝুমদ্বীপের বন্দরটিলা বাজারে কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর পর কোনো বাধা ছাড়াই প্রকাশ্যে বিএনপি কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করতে পারছে। আজ কয়েক হাজার নেতাকর্মী আলোচনা সভায় উপস্থিত হয়েছেন। এর আগেও আমরা একত্রিত হতে পারতাম না। দলীয় কর্মসূচিতে যেতে পারতাম না। লুঙ্গী পরে নিঝুমদ্বীপ ইউনিয়ন থেকে বের হতে হতো। অথচ আজ নেতাকর্মীরা স্বাধীনভাবে দলীয় কর্মসূচি উদযাপন করতে পারছেন।
নিঝুমদ্বীপ ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. ওছমানের সভাপতিত্বে ও হাতিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব নুরুল ইসলাম হকের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মাছউদুর রহমান বাবর।
অনুষ্ঠানে হাতিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রব, নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ ইব্রাহিম পার্টি, হাতিয়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফাহিম উদ্দিন, হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আকরাম হোসাইন, হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরেফিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশকে শেখ হাসিনা একটি কারাগারে পরিণত করে রেখেছিল। বিগত ১৭ বছরে এ কেবল নিঝুমদ্বীপে নয় পুরো হাতিয়াতে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের এ রকম সভা-সমাবেশ করার সুযোগ হয়নি।
দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে সভা করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠন। এতে কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন এ সভায়। আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব ইনশাআল্লাহ।
সভার প্রধান অতিথি হাতিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মাছউদুর রহমান বাবর বলেন, আওয়ামী লীগ সরকার দেশে লুটপাট চালিয়ে প্রায় দেড় লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করে বাংলাদেশকে শূন্যে পরিণত করেছে। আমাদের কোনো নেতাকর্মীকে বাড়িতে ঘুমাতে দেয় নাই। গত ১৭ বছর বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার। আমাদের নেতাকর্মীদের হত্যা-গুম করা হয়েছে। হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। তারপরও বিএনপি দেশের কল্যাণে কাজ করছে।