× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ানীবাজারের সেই ‘পরিত্যক্ত’ কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু

সিলেট ব্যুরো

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ২১:৪১ পিএম

বিয়ানিবাজার গ্যাসফিল্ড।

বিয়ানিবাজার গ্যাসফিল্ড।

সিলেটের বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের ‘পরিত্যক্ত’ ১ নম্বর কূপ থেকে ফের জাতীয় সঞ্চালন লাইনে (গ্রিড) গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু হয় বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক। 

তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এখন প্রতিদিন কূপ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। যদিও আমরা ১১ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাপ সফলভাবে পরীক্ষা করেছি। এরপরও সুরক্ষার স্বার্থে সরবরাহ ৮ মিলিয়ন ঘনফুট রাখা হয়েছে। এই গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপ থেকে প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।’

গত ১০ নভেম্বর বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত ১ নম্বর কূপ খনন করে গ্যাসের মজুতের কথা নিশ্চিত করেছিল বাংলাদেশ প্রেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। 

গত ১০ সেপ্টেম্বর বিয়ানীবাজারের এই কূপে খনন শুরু করেছিল পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদনে নিয়োজিত রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাপেক্স। ১৯৯৯ সালে বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে উৎপাদন শুরু হয়েছিল। ২০১৬ সালের শেষ দিকে দ্বিতীয়বারের মত কূপের উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ৫ বছর পরিত্যক্ত থাকার পর কূপটিতে খনন কাজ শুরু করেছিল বাপেক্স। 

অচিরেই সিলেটের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে আরও গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল) কর্তৃপক্ষ। 

এ অঞ্চলে আরও খননের কাজ চলছে জানিয়ে এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, ‘আগামী বছরের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। ২০২৫ সালের মধ্যে সব প্রকল্প বাস্তবায়নের পর এসজিএফএল প্রতিদিন ১৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা যাবে বলে আমরা আশাবাদী।’

তিনি জানান, গোলাপগঞ্জের কৈলাশটিলায় ৮ ও গোয়াইনঘাটে ১০ নম্বর কূপে খনন হচ্ছে। এ ছাড়া রশিদপুরে একটি পাইপলাইন স্থাপনের কাজ চলছে। এসব প্রকল্পের কাজ শেষে গ্যাস উৎপাদন আরও বৃদ্ধি পাবে। 

মিজানুর রহমান বলেন, বিয়ানীবাজার ফিল্ড এবং ব্লক-১৩ ও ১৪-এর আওতায় ডুপিটিলা, বাতচিয়া, হারারগঞ্জ, জকিগঞ্জ ও সিলেট সাউথে ত্রিমাত্রিস সিসমিক জরিপ কাজও শেষের পথে।

গ্যাসের রাজ্য হিসেবে পরিচিত সিলেটের হরিপুরে ১৯৫৫ সালে প্রথম গ্যাসের সন্ধান মেলে। বর্তমানে দেশে ২৮টি গ্যাসক্ষেত্র রয়েছে; যার সিংহভাগ সিলেটে অবস্থিত। এসব গ্যাসক্ষেত্রে প্রমাণিত মজুতের পরিমাণ ২১ দশমিক ৪ ট্রিলিয়ন বর্গফুট (টিসিএফ)। আরও ৬ টিসিএফ সম্ভাব্য মজুত থাকার কথা বলেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা