প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৮ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪ ০০:০০ এএম
ভোলায় নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হয়েছে ২১ মাস বয়সী আব্দুল্লাহ আল ফাহাদ নামের এক শিশু। এ ঘটনায় শনিবার (১৪ ডিসেম্বর) ভোলা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন শিশুটির মামা মনিরুল ইসলাম।
এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
নিখোঁজ ফাহাদ ভোলার দৌলতখান উপজেলার চরপাতা হাইস্কুল এলাকার মোহাম্মদ এমরান হোসেন ওরফে এমরান ডাক্তারের ছেলে।
এমরান হোসেন জানান, গত শুক্রবার সকালে তার দুই সন্তানসহ স্ত্রী রাবেয়া বেগম গ্রামের বাসা থেকে ভোলা সদর মডেল থানাধীন পৌর কাঠালী সাকিনে ৮ নম্বর ওয়ার্ডে শহরের বাসায় যান। এদিন সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে রাবেয়া বেগম তার দুই সন্তান ও অন্যান্য আত্মীয়সহ ৮ থেকে ১০ জন পাশের বাসায় সেজো বোনের সঙ্গে দেখা করতে যান।
তিনি জানান, এ সময় বাসার পাশের গলিতে কয়েকজন শিশুর সঙ্গে খেলাধুলা করছিল ফাহাদ। কিছু সময় পর রাবেয়া বেগম ফাহাদকে নিতে গলিতে যান। তবে সেখানে অন্য শিশুরা থাকলেও ছিলনা ফাহাদ। পরে সম্ভব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও ফাহাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ভোলা সদর থানায় গত শনিবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। র্যাব-৮ এর ভোলা ক্যাম্পে জানিয়েছি। র্যাব যথেষ্ঠ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে ৬০ ঘণ্টা পার হয়ে গেলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।