রাজশাহী অফিস
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ২০:১৮ পিএম
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মী স্ত্রীকে তালাক না দেওয়ায় স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন হাজরাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযুক্ত যুবদল নেতার নাম মো. সনি। তিনি রাজশাহী নগরীর শাহমখদুম থানা যুবদলের সদস্য। ভুক্তভোগীরা হলেন- নগরের চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকার মিজানুর রহমান এবং তার স্ত্রী শাহমখদুম থানা আওয়ামী লীগের কর্মী বীনা মজুমদার।
ভুক্তভোগী পরিবারের দেওয়া তথ্যমতে, শনিবার মিজানুর রহমান দম্পতির ছেলের জন্মদিন ছিল। সন্ধ্যায় সেলুনে যাচ্ছিলেন মিজানুর। পাড়ার মাঠে শাহমখদুম থানা যুবদলের সদস্য মো. সনিসহ কয়েকজন নেতাকর্মী মিজানুর রহমানকে দেখতে পায়। এসময় মিজানুরকে ডেকে তার স্ত্রী আওয়ী লীগ করায় স্ত্রীকে তালাক দিতে বলেন। এতে মিজানুর অস্বীকার করলে তাকে উপস্থিত সকলে মারধর করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
অভিযুক্ত যুবদল নেতা মো. সনি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে তার স্ত্রী বীনা মজুমদার বিভ্রান্তির সৃষ্টি করছেন। এ জন্য তার স্বামীকে বলা হয়েছিল। এটা আমরা মীমাংসা করে ফেলেছি।’ স্ত্রীকে তালাক দিতে বলার বিষয় সত্য নয় বলে দাবি করে সনি।
নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘সন্ধ্যায় ঝামেলার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে স্থানীয়রা মিলে এটা মীমাংসা করে নিয়েছেন। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।’