× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জকিগঞ্জ-কানাইঘাটে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ‘ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৯:০৭ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৯:০৯ পিএম

জকিগঞ্জ-কানাইঘাটে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ‘ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট’

সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটে শিক্ষার মান উন্নয়নে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের উদ্যোগে স্কুল ও মাদ্রাসার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে রবিবার (১৫ ডিসেম্বর) জকিগঞ্জের পরচকস্থ মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রথম দিনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ১৪৭ জন শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে অংশ নেয়। পরীক্ষা শেষে সব শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, কলম, খাবার এবং অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। যা শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।

চলতি মাসের ১৫ ও ১৭ তারিখে আয়োজিত পরীক্ষার মাধ্যমে ২ হাজার ১০০ শিক্ষার্থী থেকে বাছাই করে তিনটি গ্রেডে ৫০০টি বৃত্তি প্রদান করা হবে। বৃত্তির অর্থ হিসেবে মেধা গ্রেডে ২ হাজার ৫০০ টাকা, প্রথম গ্রেডে ২ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে ১ হাজার ৫০০ টাকা এককালীন প্রদান করা হবে। প্রতিটি শিক্ষার্থী সনদপত্রও পাবে। বৃত্তি বিতরণ অনুষ্ঠান আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এই কার্যক্রমের তথ্য দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে আজ রবিবার দুপুর ১২টায় সিলেটের জকিগঞ্জে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় ট্রাস্টের সচিব মো. শাব্বির আহমদ উপস্থিত সাংবাদিকদের সামনে ‘ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট’ এবং বৃত্তি কার্যক্রমের মূল উদ্দেশ্য, সামাজিক ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।


তিনি বলেন, ‘এই বৃত্তি কার্যক্রম মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে, তাদের প্রতিভা বিকাশে সহায়তা করবে এবং তাদের উচ্চ শিক্ষার অভিযাত্রাকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি, এটি এলাকার শিক্ষার প্রসারে ট্রাস্টকে একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করবে।’

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ট্রাস্টের সহ-সভাপতি, ট্রাস্ট প্রতিষ্ঠাতা ফাহিম আল ইসহাক চৌধুরীর বড় ভাই এটিএম সেলিম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ট্রাস্টের সচিব ও সিনিয়র কর্মকর্তাগণ গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

শিক্ষার প্রসার, দারিদ্র্য বিমোচন এবং মানবিক সেবার মাধ্যমে জকিগঞ্জ-কানাইঘাটের সর্বসাধারণের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে ‘ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট’ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই উদ্যোগ এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে।

দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। ‘ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট’-এর পক্ষ থেকে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ট্রাস্ট কর্তৃপক্ষ তাদের আশা প্রকাশ করেন যে, গণমাধ্যম কর্মীরা ট্রাস্টের উদ্দেশ্য, কার্যক্রম এবং অবদানের কথা ইতিবাচকভাবে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরবেন। এতে ট্রাস্টের ভবিষ্যৎ কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা