× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নলকূপের ঘরে তালা বিপাকে কৃষক

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১২:১৯ পিএম

চারঘাটের হলিদাগাছীর নাওদাড়ায় মাঠের একটি গভীর নলকূপের ঘরে দেওয়া তালা। প্রবা ফটো

চারঘাটের হলিদাগাছীর নাওদাড়ায় মাঠের একটি গভীর নলকূপের ঘরে দেওয়া তালা। প্রবা ফটো

রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী নাওদাড়া মাঠের একটি গভীর নলকূপের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন রফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি। এতে ওই মাঠের প্রায় ৩৫০ বিঘা জমিতে বিভিন্ন আবাদের সেচ সংকট দেখা দিয়েছে। চার দিন ধরে প্রয়োজনীয় পানি না পেয়ে বিপাকে কৃষকরা।

ভুক্তভোগী কৃষকরা জানান, স্থানীয় কোনো কৃষককে না জানিয়ে রফিকুল ইসলাম গত বুধবার নতুন একটা তালা গভীর নলকূপের ঘরের দরজায় লাগিয়েছেন। তালা দেওয়ার পর থেকে অনেকে তাকে তালাটি খুলে দেওয়ার জন্য অনুরোধ করলেও তিনি শোনেননি। এ অবস্থায় বোরো ধানের বীজ বপন, গম ও পেঁয়াজের সময়মতো সেচকাজ না হলে ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

গভীর নলকূপের অপারেটর আতাউল ইসলাম উজ্জ্বল বলেন, ১১ বছর আগে আমাদের জমিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলকূপ স্থাপন করে। সেসময় থেকে প্রথমে আমার বাবা ও পরে আমি অপারেটরের দায়িত্ব পালন করছি। গত বুধবার কৃষকরা পানির জন্য ফোন দিলে নলকূপ চালু করতে গিয়ে দেখি নতুন তালা লাগানো। পরে স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি এই তালা লাগিয়েছেন। বিষয়টি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কৃষক আমিনুল ইসলাম বলেন, বোরো ধানের চারা তৈরির জন্য বীজ বপন করব, কিন্তু পানির জন্য তিন দিন ধরে ঘুরেও পাইনি। রফিকুল নিজেকে বিএনপি নেতা দাবি করে অথচ কয়েক মাস আগেও জানতাম সে কখনও রাজনীতি করেনি। দ্রুত নলকূপ চালু করা না গেলে কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হবেন।

আরেক কৃষক কাজেম আলী বলেন, ধানের চারা ফুটেছে কিন্তু পানির অভাবে জমিতে ফেলতে পারছি না। গভীর নলকূপের যারা সদস্য আছেন তারাও তালা লাগানোর বিষয়ে কিছু জানেন না। একজন ব্যক্তির কাছে আমরা কৃষক অসহায় হয়ে পড়েছি। রফিকুল নলকূপের ঘরে তালা ঝুলিয়েছেন অথচ মাঠে তার এক ছটাক জমিও নাই।

অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন, নলকূপ অপারেটর সঠিকভাবে পানি বণ্টন না করায় তালা লাগিয়েছি। আমার কোনো জমি নেই, কিন্তু কৃষকরা ভোগান্তিতে পড়ছেন সেজন্য তালা দিয়েছি।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চারঘাট উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. হানিফ শিকদার বলেন, গভীর নলকূপের ঘরে তালা লাগানোর এখতিয়ার কারোর নেই। এভাবে কৃষকের সমস্যা করে তালা লাগানো অন্যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা