চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ১৮:৫৭ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২২ ১৯:৩২ পিএম
আয়াত হত্যার আসামি আবিরকে নিয়ে সাগরপাড়ে তল্লাশি। ছবি : প্রবা
চট্টগ্রামে শিশু আলীনা ইসলাম আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করে সাগর-খালে ভাসিয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আসামি আবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত মহানগর হাকিম আব্দুল হালিম সোমবার (২৮ নভেম্বর) দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ড শুনানির জন্য আসামিকে আদালতে তোলার সময় উত্তেজিত মানুষ তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করে। এই সময় আদালত প্রাঙ্গণে উত্তোজনা ছড়িয়ে পড়ে।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মনোজ কুমার দে বলেন, আসামি আরিব মিয়াকে প্রথম দফায় দুই দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার কাছ থেকে প্রাপ্ত তথ্য আরও যাচাই বাছাই করা প্রয়োজন। এই কারণে আদালতে ফের ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়।
শুনানি শেষে আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে। এখন তাকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত রহস্য বের করা হবে।
এর আগে গত ২৪ নভেম্বর রাতে আবিরকে গ্রেপ্তার করে পিবিআই। তিনি পরিবার নিয়ে নিহত আয়াতের বাবা সোহেল রানার বাড়িতে ভাড়া থাকতেন।
প্রথম দফায় দুই দিনের রিমান্ডে থাকা আবির পিবিআইকে জানিয়েছে, গত ১৫ নভেম্বর বিকেলে ইপিজেড থানার দক্ষিণ হালিশহর নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সী মেয়ে আয়াতকে অপহরণ করে সে। মুক্তিপণের টাকা আদায় ছিল তার লক্ষ্য। কিন্তু যে মোবাইল ফোন দিয়ে মুক্তিপণের টাকা চাইবে সেই ফোনের সিমটি ব্লক থাকায় মুক্তিপণ চেয়ে সোহেল রানাকে কল দিতে পারেনি আবির।
অন্যদিকে, অপহরণের পরপরই আয়াত কান্না শুরু করলে তাকে গলাটিপে হত্যা করে। এর পর আয়াতদের ভবনের নিচ তলার বাসা থেকে মরদেহ নিয়ে আবির তার মায়ের বাসায় চলে যায়। সেখানে রাতে আয়াতের মরদেহ ছয় টুকরো করে। পরদিন দুই দফায় তিনটি করে ছয়টি টুকরো খালে ও বঙ্গোপসাগরে ফেলে দেয়।
এই ঘটনায় ইপিজেড থানায় একটি মামলা করেন আয়াতের বাবা সোহেল রানা। সেই মামলায় আবিরকে গ্রেপ্তার দেখিয়ে তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি পিবিআই এবং আয়াতের পরিবার লাশের খন্ডাংশ খুঁজে পেতে খাল ও বঙ্গোপসাগরের তীরে তল্লাশী চালাচ্ছে। কিন্তু, এখনো লাশের খন্ডাংশ পাওয়া যায়নি।
এদিকে, পাঁচ বছর বয়সী শিশুকে নৃশংসভাবে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামি আবির মিয়ার ফাঁসির দাবিতে চট্টগ্রামে সামাজিক সংগঠনগুলো মানববন্ধন কর্মসূচি পালন করছে।