× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ কর্মকর্তার বাগানে ৫৫ হাজার ক্যাকটাস

বাবলু মোস্তাফিজ, ভেড়ামারা (কুষ্টিয়া)

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ১১:২৪ এএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪ ১১:৫১ এএম

ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়ির ছাদে ক্যাকটাস পরিচর্যায় ব্যস্ত তহিদুল ইসলাম রাসেল। প্রবা ফটো

ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়ির ছাদে ক্যাকটাস পরিচর্যায় ব্যস্ত তহিদুল ইসলাম রাসেল। প্রবা ফটো

পেশায় তিনি একজন পুলিশ কর্মকর্তা। আইনশৃঙ্খলার মতো কঠিন বিষয় নিয়ে তার কাজ হলেও নেশা প্রকৃতি নিয়ে। আরও স্পষ্ট করে বললে, মরুর উদ্ভিদ ক্যাকটাস সংগ্রহ তার শখ। দেশসেরা এই সংগ্রাহকের সংগ্রহে আছে নানা প্রজাতির প্রায় ৫৫ হাজার ক্যাকটাস। বিভিন্ন জাতের দৃষ্টিনন্দন ক্যাকটাস দেশের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে তার হাত হয়ে। বলছি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশে সার্জেন্ট হিসেবে কর্মরত তহিদুল ইসলাম রাসেলের কথা।

মরুর উদ্ভিদ ক্যাকটাসের মাধ্যমে ঘরের সৌন্দর্যবর্ধনে জুড়ি নেই। কাঁটাবৃত ছোট্ট উদ্ভিদের মধ্যে রঙবেরঙের ফুল। যার সৌন্দর্য অপরিসীম। তহিদুলও এই সৌন্দর্যেরই প্রেমে পড়েন শৈশবে। যদিও এর আগে থেকে তার ইচ্ছা ছিল ফল ও ফুলের বাগান গড়ে তুলবেন একদিন। ক্যাকটাসের প্রেমে পড়ায় নিজের ইচ্ছার বাস্তবায়ন সহজ হয়। শৈশব থেকে সংগ্রহ শুরু করেন। তারুণ্যে এসে তা গতি পায়। সময়ের ধারাবাহিকতায় তহিদুল এখন দেশের অন্যতম সেরা একজন ক্যাকটাস সংগ্রাহক। এ ছাড়াও বর্তমানে বিভিন্ন জাতের ক্যাকটাস উদ্ভাবন করে যাচ্ছেন তিনি।

তহিদুল ইসলাম রাসেলের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে। তার ক্যাকটাস সংগ্রহশালায় গিয়ে দেখা যায়, ছাদ ও বাড়ির পেছনের অংশে শেড করে গড়ে তুলেছেন বাগান। সেখানে রয়েছে হরেক রকম ক্যাকটাস। পুরো শেডজুড়ে ছোট-বড় শুধুই ক্যাকটাস। অনেক ক্যাকটাসে ফুটেছে দৃষ্টিনন্দন ফুল।

তহিদুল জানান, ছুটি পেলেই ভেড়ামারায় বাড়িতে নিজ হাতে গড়া প্রিয় ক্যাকটাস ছাদবাগানে ছুটে আসেন। তার অনুপস্থিতিতে ক্যাকটাস পরিচর্যা ও দেখভাল করার জন্য ইসমাইল হোসেন নামে একজন নিয়োজিত রয়েছেন। 

তহিদুল আরও জানান, তার বাগানে বিভিন্ন জাতের ক্যাকটাসের সংখ্যা প্রায় ৫৫ হাজার। যার মধ্যে আছে বেশ কয়েকটি দুষ্প্রাপ্য জাতের ক্যাকটাসও। অ্যাজটেকিয়াম হিন্টোনি, অ্যাজটেকিয়াম রিটেরি, জিওহিন্টোনিয়া মেক্সিকানা, কোরিফান্থা কর্নিফেরা, ম্যামিলারিয়া পোসেলগেরি, এপিথেলান্থা মাইক্রোমেরিস ক্রিস্টাটা, ইউবেলম্যানিয়া পেকটিনফেরাসহ বিভিন্ন প্রজাতির ক্যাকটাস আছে তহিদুলের সংগ্রহে। 

নিজ বাড়ির ছাদে ২ শেডসহ বাড়ির পিছনের অংশে আরও ৬টি বড় শেড রয়েছে। এসব শেডেই তিনি ক্যাকটাসের সংগ্রহশালা গড়ে তুলেছেন। বিভিন্ন দেশ থেকে ক্যাকটাস সংগ্রহ করাসহ অনেক প্রজাতি নিজেই উদ্ভাবন করেছেন। তার সংগ্রহশালা থেকে দেশের বিভিন্ন প্রান্তের ক্যাকটাসপ্রেমীরা এসে সংগ্রহ করে থাকেন। দর্শনার্থীরা প্রতিদিন ক্যাকটাস দেখতে তার বাড়িতে ভিড় জমায়। এ ছাড়াও তার কর্মস্থল রাজশাহীতেও ক্যাকটাসের শেড রয়েছে। এসব স্থাপনায় তার খরচ হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। আর সংগ্রহে থাকা ক্যাকটাসের বাজার মূল্য ৪৫ থেকে ৫৫ লাখ টাকা বলে জানান তহিদুল। 

ক্যাকটাস দেখাশোনায় নিয়োজিত ইসমাইল বলেন, তহিদুল ভাই ছুটি পেলেই বাড়িতে আসেন। পুরো সময় জুড়েই ক্যাকটাসের যত্নআত্তি করেন। ক্যাকটাসের যত্নকৌশল আমাকে শিখিয়েছেন। তার অনুপস্থিতিতে আমিই দেখাশোনা করি। তিনি রাজশাহী থাকলেও সব সময় খোঁজ নেন ও ক্যাকটাসের পরিচর্যার নির্দেশনা দেন। প্রতিদিনই তার বাগান দেখতে দূর-দূরান্তের অনেক মানুষ আসেন। 

দর্শনার্থী ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান শামিম বলেন, বাড়ির সৌন্দর্যবর্ধনে ক্যাকটাস বর্তমানে বেশ জনপ্রিয়। তহিদুলের উদ্যোগে ক্যাকটাসপ্রেমীদের সংগ্রহ ও পরামর্শ সহজে মিলছে। তিনি নিজেই অনেক ক্যাকটাসের জাত উদ্ভাবন ও পরিচর্যার কৌশল রপ্ত করেছেন। তার কাছে অনেকে এসে ক্যাকটাস সংগ্রহ ও পরিচর্যার নিয়মকানুনগুলো শিখে যায়। 

তহিদুল ইসলাম রাসেল বলেন, মরুর উদ্ভিদ ক্যাকটাস সংগ্রহ শখ থেকেই শুরু করেছিলাম। এখন দেশে বড় যে কয়টি ক্যাকটাস সংগ্রহশালা রয়েছে তার মধ্যে এটি অন্যতম। বীজ উৎপাদন, নতুন প্রজাতির ক্যাকটাস উদ্ভাবন ও টিকিয়ে রাখার নিয়ম-কানুন, পলিথিনের শেড নির্মাণ, গাছের কাঁটা পর্যবেক্ষণ ও মাটি পরিবর্তনসহ নিয়মিত যত্ন নিতে হয়। শুরুতে এই উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে খুব বেগ পেতে হয়েছে। ভারতীয় এক সংগ্রাহকের পরামর্শ নিয়েছি। এখন নিজ থেকেই নানা কৌশল রপ্ত করতে পারায় এসেছে বড় সফলতা।

তিনি বলেন, প্রথমে ভারত থেকে কিনি। পরে থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও আমেরিকা থেকেও ক্যাকটাস নিয়ে এসেছি। তা থেকেই বিভিন্ন জাত উদ্ভাবন করেছি। ক্যাকটাসের এই সংগ্রহশালাটি ২ হাজার প্রজাতিতে উন্নীত করাসহ এটিকে বাণিজ্যিকভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এর নির্যাস থেকে দামি অনেক কিছুই তৈরি হয়। সেগুলো নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে। 

ক্যাকটাস নিয়ে বড় স্বপ্ন রয়েছে তহিদুলের। তিনি তার স্বপ্নের কথা জানিয়ে বলেন, ভবিষ্যতে ভেড়ামারায় একটি বিশ্বমানের ক্যাকটাস পার্ক গড়ে তুলতে চাই। যেখানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস থাকবে। জাত উদ্ভাবন ও নির্যাস সংগ্রহে গবেষণাগার থাকবে। এ পার্কে ক্যাকটাসপ্রেমীসহ দেশ-বিদেশের দর্শনার্থীরা এসে যেন ক্যাকটাসের সৌন্দর্য উপভোগ করাসহ ক্যাকটাস সংগ্রহ করে নিয়ে যেতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা