চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ২১:০৪ পিএম
প্রায় ৩৫ হাজার কোটি টাকা বকেয়া আদায়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম (এস আলম) মাসুদের চট্টগ্রাম নগরীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। এস আলম এ ব্যাংকেরই সাবেক চেয়ারম্যান।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের ১২টি শাখার শতাধিক কর্মী অবস্থান নেন।
কর্মকর্তারা জানান, বকেয়া বিনিয়োগ আদায়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের নির্দেশে তারা সেখানে অবস্থান নিয়েছেন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফা বলেন, ‘বিনিয়োগ গ্রহণ করে এস আলম গ্রুপ সেটা পরিশোধ না করায় আমাদের ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়েছে। এগুলো জনগণের আমানত। বারবার তাগাদা দেওয়ার পরও টাকা আদায় করতে না পেরে সামাজিক চাপ সৃষ্টির জন্য আমরা এ কর্মসূচি পালন করেছি।’
তিনি জানান, বিভিন্ন ব্যবসায়িক খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৫ হাজার কোটি টাকাই এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রয়েছে। বিনিয়োগ বাবদ এস আলম গ্রুপের কাছে চট্টগ্রামে ব্যাংকটির বিভিন্ন শাখার পাওনা ৩৫ হাজার কোটি টাকা।