বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৩ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ১০:৫৭ এএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে নগদ ১২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মরিচাকান্দিসংলগ্ন মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
আটকরা হলেন নরসিংদী সদর উপজেলার সুলতান বেপারীর ছেলে রিপন এবং চান মিয়ার ছেলে মো. এবাদুল্লাহ।
বাঞ্ছারামপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে কয়েক দিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল নরসিংদীর কয়েক ব্যক্তি। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম সোমবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দুজনকে আটক করা হয়। পরে মাটি ব্যবস্থাপনা ও বালুমহাল আইনের সংশোধিত ২০২৩-এর ১৫ ধারায় প্রত্যেককে ৬ লাখ টাকা করে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
বাঞ্ছারামপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করায় দুজনকে আটক করা হয়। এদের মাটি ব্যবস্থাপনা ও বালুমহাল আইনের সংশোধিত ২০২৩-এর ১৫ ধারায় ও ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।