রোকেয় দিবস
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪ ২১:৩৩ পিএম
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আছিয়া বেগম, সাথী সুলতানা, আয়েশা আক্তার, মুর্শিদা বেগম ও আয়শা বেগমের হাতে জয়িতা সম্মাননা দেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।
‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’Ñ স্লোগান সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) সারা দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ নারীদের দেওয়া হয়েছে জয়িতা পুরস্কার। আমাদের প্রতিবেদকদের পাঠানো খবর :
ভৈরব (কিশোরগঞ্জ) : পৌরসভা কনফারেন্স রুমে ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ছাবেরা খানম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে শান্তা বেগম, সফল জননী সেলিনা মজিদ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনায় ববিতা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আফসানা নাজনীনকে জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়।
মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে হোসনেআরা হাসি, মুন্নি খানম, জহোরা বেগম, সাদিয়া সুলতানা ও দুলালী বেগমের হাতে জয়িতা সম্মাননা দেন ইউএনও নাজমুল ইসলাম।
ফেনী : দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম ফরিদা আক্তার, লুৎফর নাহার, ফারহানা আক্তার লাকি, রওশন আক্তার ও রোকসানা আক্তারকে জয়িতা সম্মাননা দেন।
ধোবাউড়া (ময়মনসিংহ) : ধোবাউড়ায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ইউএনও নিশাত শারমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা নাজনীন নিপা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আসমা আক্তার, মালবিকা ডিব্রা, সীমা আক্তার, জরিনা খাতুন, সেংচি আরেংকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।
লালমোহন (ভোলা) : সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। ইউএনও মো. শাহ আজিজের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন কালীগঞ্জের মাহমুদা নাসরিন লিমা। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বকুল চন্দ্র কবিরাজ। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে আরও চার নারীকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেওয়া হয়। কালীগঞ্জ উপজেলা সভাকক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজনকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেওয়া হয়।