লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ২২:২৬ পিএম
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে সেতুর রেলিং ভেঙে খাবারের হোটেলে প্রবেশের পথ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে ঝুঁকিতে পড়েছে সেতুটি। গত ৫ আগস্ট সরকার পতনের দিন সুযোগ বুঝে হোটেলমালিক হারুনুর রশিদ ভাড়াটিয়া লোক দিয়ে রাতের অন্ধকারে ঘটনাটি ঘটান।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে সেতুর রেলিং ভাঙার সত্যতা পাওয়া যায়। বেআইনিভাবে সরকারি সেতু ভেঙে পথ নির্মাণ করলেও স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) বিভাগ থেকে হোটেলমালিক হারুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক মান্দারী বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, সেতুর দক্ষিণ-পশ্চিম পাশে থাকা হারুনের খাবার হোটেলের সামনে সেতুর রেলিং ছিল। তার হোটেলে যাতায়াতের সুবিধার্থে গত চার মাস আগে লোক ভাড়া করে রাতের আঁধারে রেলিংটি ভেঙে ফেলেন। সেতুর সঙ্গে হারুন তার প্রতিষ্ঠানে প্রবেশের জন্য সিঁড়িও নির্মাণ করেছেন। সেতুটি দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজারের বেশি যানবাহন চলাচল করে। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সেতু। গত এক বছরের ব্যবধানে দুই দফা সেতুর উত্তর ও দক্ষিণ পাশের রেলিং কেটে ফেলা হয়েছে। এতে সেতুটি ঝুঁকিতে পড়েছে।
হোটেলমালিক হারুনুর রশিদ বলেন, ‘সেতুর রেলিং নিজ থেকে ভাঙিনি। গত ৫ আগস্ট আন্দোলনকারীদের ঔদ্ধত্য পরিস্থিতি চলাকালে ছাত্ররা সেতুর রেলিং ভেঙে ফেলে।’ অন্য কোনো অংশের রেলিং না ভেঙে শুধু হোটেলের সামনের অংশে কেন ভাঙা হয়েছেÑ এর সদুত্তর দিতে পারেননি তিনি।
লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক বলেন, বিষয়টি দেখার জন্য সদর উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন, ঘটনাটি আমাদের জানা ছিল না। সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।