নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ২১:০৯ পিএম
নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষে অন্তত ২০ জন আহত এবং তিনটি গাড়িসহ মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার চালাকচর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন নেতাকর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করেন। এ সময় সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত দফায় দাফায় হামলার ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়। সংঘর্ষে লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীনের গাড়িসহ আরও তিনটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন বলেন, আমার শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা সৃষ্টি করে বিএনপির তথাকথিত নেতাকর্মীরা। সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশে তার ভাতিজাসহ কয়েকজন সন্ত্রাসী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।
সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আমিসহ আমার দলের সদস্য সচিব এলাকাতেই নাই। অথচ; জয়নুল সাহেব যদি এমন অভিযোগ করে থাকেন, তাহলে তিনি মিথ্যা অভিযোগ করছেন।’
মনোহরদী থানার ওসি জুয়েল হোসেন জানান, ঘটনার বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে এখনও লিখিত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।