চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৯:০৮ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৯:০৯ পিএম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অনামিকা জুথী নামে এক নাট্যাভিনেত্রীসহ দুবাই ফেরত দুই যাত্রীর কাছ থেকে ৬৩ ভরি (৭৩৩ গ্রাম) স্বর্ণ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগ।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল প্রায় ১০টার দিকে দুবাই থেকে আসা বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে ওই দুই যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ জব্দ করা হয়। এর দাম আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার টাকা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই দুই যাত্রী ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের পর দুই জনকে আটকের পর তল্লাশি করে এ স্বর্ণালংকার জব্দ করা হয়।
অনামিকা জুথী রাজধানীর মিরপুরের বাসিন্দা। তার সহযাত্রী মোহাম্মদ রায়হান ইকবালের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ গহিরা এলাকায়। তারা দুজন প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন।
বিমানবন্দর সূত্র জানায়, তাদের কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ (২৪ ক্যারেটের ৫৪৩ গ্রাম এবং ২২ ক্যারেটের ১৯০ গ্রাম) স্বর্ণালংকারসহ মোট ৭৩৩ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। যাত্রী অনামিকা জুথী তার দুই হাতে স্বর্ণের চুড়িগুলো স্কচ টেপ দিয়ে এবং চেইনগুলো দুইজনের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। বাকি স্বর্ণালংকার তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় এভিয়েশন রুল অনুযায়ী বিমানবন্দরের এনএসআই ও শুল্ক গোয়েন্দাদের কাছে তাদের হস্তান্তর করে একই বিমানে ঢাকায় পাঠানো হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক দেখিয়ে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।