বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৪১ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৫০ পিএম
বান্দরবানে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরসহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কুহালং ইউপির কুলাক্ষ্যং ছড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্তরা হলেনÑ ওই এলাকার গরুল কান্তি চাকমা, ঙুনপার বম, বিমল কান্তি চাকমা, জ্যোতি চাকমা ও ইন্দ্রমনি চাকমা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গরুল কান্তি চাকমার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে কিছু সময়ের মধ্যে অন্য পাঁচটি দোকান ও বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের প্রচেষ্টা সফল হয়নি। এ ছাড়া এলাকাটিতে মোবাইল নেটওয়ার্ক না থাকায় ফায়ার সার্ভিসকেও খবর দিতে দেরি হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত কীভবে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক কালেন্দ্র চাকমা বলেন, গরুল কান্তির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকান সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ইউপি সদস্য অংসাহ্লা মারমা বলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহযোগিতা করা হবে। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক আহম্মদ জানান, স্থানীয়রা তাদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে রওনা দেন। তবে সেখানে পৌঁছার আগেই তিনটি বসতঘরসহ ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। গ্যাসের চুলা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।