× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার সংঘাত

থামছে না বিস্ফোরণের শব্দ, কাটছে না আতঙ্ক

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১২:৩২ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৫:২৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর কেন্দ্র করে থামছে না মুহুর্মুহু বিস্ফোরণের বিকট শব্দ। আর এ শব্দে প্রতিনিয়ত কাঁপছে কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকা। ঘুমহীন রাত কাটাচ্ছে টেকনাফ পৌর, সদর, সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা। কাটছে না তাদের আতঙ্কও।

সীমান্ত এলাকার লোকজন জানিয়েছে, শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে টেকনাফ। ওই সময় মিয়ানমারের আকাশে বিমানের চক্করও দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মংডু শহর নিয়ন্ত্রণে নেওয়া আরাকান আর্মির অবস্থান লক্ষ করে বোমা বর্ষণ করা হচ্ছে বিমান থেকে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত টানা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে সীমান্তের এপারে টেকনাফ পৌর, সদর, সাবরাং ও শাহপরীর দ্বীপের বাসিন্দারা।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরিফ ও শাহপরীর  দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম বলেন, বৃহস্পতিবার রাত থেকে বিকট বিস্ফোরণের শব্দে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানিয়েছেন, মিয়ানমারের মংডু শহরের দক্ষিণ পাশে গ্রামগুলো থেকে এ বিস্ফোরণের শব্দ ভেসে আসছে টেকনাফে। মর্টার শেল, শক্তিশালী গ্রেনেড  ও বোমার শব্দে এপারের বসতবাড়ি কেঁপে উঠছে। সীমান্তের কোনো মানুষ রাতে ঘুমাতেও পারছে না। বিস্ফোরণের শব্দ ভেসে আসার সময় মংডু এলাকায় যুদ্ধবিমানের চক্কর দিতে দেখেছে বাসিন্দারা।

তিনি বলেন, বিস্ফোরণের বিকট শব্দে সাবরাংয়ের বাসিন্দাদের ঘরবাড়ি কেঁপে উঠছে। লোকজন শান্তিতে ঘুমাতে পারছে না। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে খুবই বিপাকে পড়তে হচ্ছে।

সীমান্ত এলাকার লোকজনের তথ্যমতে, মংডু শহরের দক্ষিণে উকিলপাড়া, ফয়েজীপাড়া, সিকদারপাড়া, হারিপাড়া ও ফাতংজা এলাকা ঘিরে এ তীব্র লড়াই চলছে। এক বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। যেখানে মিয়ানমারের সরকারি বাহিনীর পক্ষে এখন আকাশযোগে হামলা করা হচ্ছে। আর স্থলে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা